অর্থ পাচারের মামলা থেকে উত্তরা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান গিরিধারী লাল মোদী ও ম্যানেজার অজয় চক্রবর্তীকে অব্যাহতির আদেশ বাতিল করেছে হাইকোর্ট। একইসঙ্গে আদেশপ্রাপ্তির এক সপ্তাহের মধ্যে তাদেরকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন।
প্রায় ৬৫ কোটি টাকা অর্থ পাচারের মামলায় ২০১০ সালের ৩০ নভেম্বর যশোর সিনিয়র স্পেশাল জজ আদালত ওই দুই আসামিকে অভিযোগ গঠনের সময় মামলা থেকে অব্যাহতি দেয়। এর বিরুদ্ধে ২০১১ সালে ১০ এপ্রিল আপিল করে দুদক। শুনানি নিয়ে হাইকোর্ট অব্যাহতির আদেশ বাতিল প্রশ্নে রুল জারি করে। ওই রুলের শুনানি শেষে গতকাল হাইকোর্ট নিম্ন আদালতের রায় বাতিল ঘোষণা করে।
