যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হেইট ক্রাইমের শিকার গুরুতর আহত গেরিলা মুক্তিযোদ্ধা শাহ আলমের (৭২) অবস্থা এখনো আশঙ্কাজনক। তিনি বর্তমানে জ্যাকসন হাইটসের এলমার্স্ট চিকিত্সাধীন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক পুলিশ। তবে এখনো পর্যন্ত বাংলাদেশ দূতাবাস থেকে তার সহায়তায় কিছু করা হয়নি বলে অভিযোগ করেছেন স্বজনরা।
এই বীর মুক্তিযোদ্ধার বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার নজিবপুর গ্রামে। তিনি কুষ্টিয়া শহরে দীর্ঘদিন ফার্মেসী ব্যবসার সাথে জড়িত ছিলেন। কুষ্টিয়াতে তিনি গেরিলা আলম নামেও পরিচিত। তারা চার সহোদরই মুক্তিযোদ্ধা। দেশের স্বাধীনতায় তাদের অবদান আজও শ্রদ্ধাভরে স্মরণ করে এলাকাবাসী।
জানা গেছে, প্রবীণ এই মুক্তিযোদ্ধা গত ২৭ সেপ্টেম্বর জ্যাকসন হাইটস থেকে জ্যামাইকাতে নিজ বাসায় ফেরার পথে সন্ত্রাসী হামলার (হেইট ক্রাইম) শিকার হন। সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি আক্রমণে মারাত্মকভাবে জখম করে পালিয়ে যায়। পরে অবচেতন অবস্থায় তাকে জ্যাকসন হাইটের এলমার্স্ট হাসপাতালে ভর্তি করা হয়। এখনো পর্যন্ত তিনি ওই হাসপাতালেই চিকিত্সাধীন। তার অবস্থা এখনো আশঙ্কামুক্ত নয়। তিনি কুইন্সের জ্যামাইকার সাউথ রোডের বাসিন্দা।
নিউ জ্যাকশন হাইটস সুর ছন্দা স্কুলে কুষ্টিয়া জেলাবাসীর উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা শাহ আলমের সুস্থতা কামনা করে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা সমিতির সভাপতি মো. গিয়াস উদ্দিন। আরো উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান, দোয়া মাহফিল পরিচালনা করেন ইমাম কাজি কাইয়ু, উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মুকিত চৈধুরী, কুষ্টিয়া জেলা সমিতির সম্মানিত উপদেষ্টা খন্দকার জমিরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মো জগলুল হক শাহীন প্রমুখ। দোয়া মাহফিল শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় তার পরিবারের পাশে কুষ্টিয়াবাসী ছাড়াও বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ সোসাইটি ও মুক্তিযোদ্ধা সংগঠনসহ প্রবাসীদের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করা হয় ।
ইত্তেফাক/এএম।
