চলতি বছর বৈশ্বিক প্রবৃদ্ধি কমার পূর্বাভাস আইএমএফের

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ০১:০৭

চলতি বছর বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি গত বছরের  চেয়ে কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। গত বছর বৈশ্বিক প্রবৃদ্ধি ৩ দশমিক ৬ শতাংশ হলেও এবার তা কমে ৩ দশমিক ৩ শতাংশ হতে পারে বলে প্রাক্কলন করেছে সংস্থাটি। গতকাল আইএমএফের প্রকাশিত হালনাগাদ অর্থনৈতিক প্রতিবেদনে এ পূর্বাভাস দেওয়া হয়েছে। মূলত বিশ্বব্যাপী চীনসহ বড় অর্থনীতির দেশগুলোর কাঙ্ক্ষিত অর্থনৈতিক প্রবৃদ্ধি না হওয়া এর অন্যতম কারণ বলে মনে করছে সংস্থাটি। চীনের আর্থিক নীতি কাঠামো কিছুটা কঠোর হওয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধ নিয়ে অব্যাহত ‘টেনশনে’ দেশটির অর্থনীতিতে কালো ছায়া পড়েছে। ইউরোপেও ভোক্তা ও ব্যবসায়ীদের প্রত্যাশিত আত্মবিশ্বাসে চিড় ধরেছে। ফলে সেখানে উত্পাদনের পাশাপাশি বিনিয়োগ কিছুটা পড়ে যাওয়ায় তার নেতিবাচক প্রভাব পড়েছে ব্যয়ে।

গত বছরের শেষ দিক থেকেই বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে কিছুটা ভাটার টান লক্ষ্য করা যায়। ফলে শেষ পর্যন্ত গত বছরের প্রবৃদ্ধিও প্রাক্কলনের  চেয়ে শূন্য দশমিক এক শতাংশ কমেছে। কেবল চলতি বছর নয়, আগামী বছর অর্থাত্ ২০২০ সালেও প্রবৃদ্ধিও কিছুটা কমতে পারে। অবশ্য আগামী বছরের পর বিশ্বের অন্যতম বড় দুই অর্থনীতি চীন ও ভারতের প্রবৃদ্ধির বিবেচনায় বিশ্ব অর্থনীতি ফের এগুতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।