খাশোগি হত্যায় ১৬ সৌদির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ০১:০৯

সাংবাদিক জামাল খাশোগি হত্যাকান্ডের ঘটনায় ১৬ সৌদি নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়। তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না। খাশোগি হত্যায় তারা জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এই নিষেধাজ্ঞা আরোপের কথা জানান। তালিকায় থাকা ১৬ জনের মধ্যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ঘনিষ্ঠ সহযোগী সৌদ আল-কাহতানিও রয়েছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, দপ্তরের বৈদেশিক কার্যক্রমের ৭০৩১ (সি) ধারা এবং ‘রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্ট অব ২০১৯’ এর আওতায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই আইন অনুসারে, বিদেশি সরকারের ওই কর্মকর্তাদের দুর্নীতি কিংবা মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত থাকার বিশ্বাসযোগ্য তথ্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে থাকলে তারাসহ তাদের পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। গত বছরের ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে খাশোগিকে হত্যা করা হয়। -ব্লুমবার্গ