ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদের ওপর পুরানো ঢাকার বংশালে স্থানীয়দের হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়টির অন্তত ১০জন ছাত্র আহত হয়েছেন। এই ঘটনায় শুক্রবার শাহবাগ থানায় এসে তারা ক্ষমা প্রার্থনা ও ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেয়। শাহবাগ থানার ওসি আবুল হাসান ইত্তেফাককে বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতরা হলেন- ভূগোল ও পরিবেশ বিভাগের চতুর্থ বর্ষের তরিকুল ইসলাম, রসায়ন বিভাগের প্রাক্তন ছাত্র রাজেউন মাহমুদ, ফার্মেসি বিভাগের তৃতীয় বর্ষের আব্দুল্লাহ আল রিফাত, ফলিত রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের জাহিদুর রহমান সৈকত, পদার্থ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ফাহাদ, গণিত বিভাগের তৃতীয় বর্ষের রায়হান ও মেহেদী হাসান।
আহতদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার রাতে পুরানো ঢাকার বংশালে একটি হোটেলে খেতে যাওয়ার সময় স্থানীয় এক ব্যবসায়ী রাস্তায় গাড়ি পার্কিং করে রাখে। এসময় স্থানীয়রা কোনো ধরণের যানবাহন যেতে দিচ্ছিল না। কিন্তু বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র মোটরসাইকেলে করে পার হলে স্থানীয়রা বাধা দেয়। এসময় ঢাবি ছাত্ররা প্রতিবাদ করলে তারা লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলা করে তাদেরকে আহত করে।
এ বিষয়ে শাহবাগ থানার ওসি আবুল হাসান ইত্তেফাককে বলেন, ঢাবির কিছু শিক্ষার্থীদের উপর বংশাল থানাধীন স্থানীয়রা হামলা করে। শুক্রবার তারা থানায় এসে ক্ষমা প্রার্থনা ও ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিলে উভয়ের মধ্যে একটা মীমাংসা করা হয়।
ইত্তেফাক/জামান
