মোরেলগঞ্জে চলতি আমন মৌসুমে পরীক্ষামূলক সুগন্ধি জাতের ধান চাষ করে সফলতা পেয়েছে চাষিরা। ফলন বেশি সুগন্ধি ও চিকন সরু হওয়ায় এ ধান চাষে এলাকার চাষিদের আগ্রহ বেড়েছে। আবহাওয়ার উপযোগিতা যাচাইয়ের জন্য সাতক্ষীরা ধান গবেষণা প্রতিষ্ঠান থেকে ব্রি-ধান ৭৫ বা সুগন্ধি জাতের এ ধান উপজেলায় সরবরাহ করা হয়।
উপজেলা কৃষি দপ্তরের উদ্যোগে মোরেলগঞ্জে এ ধানের পাঁচটি প্রদর্শনী করা হয়। প্রতিটি প্রদর্শনীর জন্য চার কেজি বীজ ধান সরবরাহ করা হয়। উপজেলার সদর ইউনিয়নের সরালিয়া ব্লকের উত্তর সরালিয়া গ্রামের শোভন বিশ্বাস ২৩ শতক জমিতে এ ধানের চাষাবাদ করেন। উপজেলা সহকারী কৃষি অফিসার জাকির হোসেনের তত্ত্বাবধানে ও প্রশিক্ষণে চাষি শোভন বিশ্বাস ধান রোপণ করেন এবং চাষির যথাযথ পরিচর্যায় এ ধানের আশানুরূপ ফলন পেয়েছেন। চাষি শোভন বিশ্বাস তার ২৫ শতক জমিতে প্রায় ১৩ মণ ধান উৎপাদনে সক্ষম হয়েছেন।
উপজেলা কৃষি অফিসার অনুপম রায় বলেন, নতুন জাত হিসেবে সুগন্ধি জাতের ধানের ভালো ফলন হয়েছে। ফলন বেশি সুগন্ধি ও চিকন সরু হওয়ায় এ এলাকার কৃষকরাও এ ধান চাষে উত্সাহিত হয়েছেন। আগামী মৌসুমে অনেক ধান চাষি এগিয়ে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ইত্তেফাক/এমআর
