বালিয়াকান্দির সব বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে শনিবার আনন্দ শোভাযাত্রা করেছে। বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ৫ শতাংশ ইনক্রিমেন্ট ও ২০ শতাংশ বৈশাখী ভাতা প্রদান করায় তারা এ কর্মসূচি পালন করে। উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির আয়োজনে সমিতির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমিতিতে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সহ-সভাপতি ও নটাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক ও নলিয়া শ্যামামোহন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক শাজাহান মিয়া, সহকারী প্রধান শিক্ষক রাশেদা সুলতানা, বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ শামসুল আলম মন্টু প্রমুখ।
