বাবার চোখের সামনেই ঘাতক ট্রাক্টর কেড়ে নিল আহসান হাবিব নামে বদরগঞ্জের এক জেএসসি পরীক্ষার্থীর প্রাণ। রবিবার সকালে বদরগঞ্জের ভিআইপি শাহাদত স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নেওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন বাবা ও ছেলে। তবে ভাগ্যক্রমে বাবা বেঁচে যান। নিহতের বাড়ি রংপুর সদর উপজেলার সদ্যপুষ্কনী ইউনিয়নের কাঁটাবাড়ী গ্রামে।
থানা সূত্রে জানা গেছে, ওই গ্রামের সেলিম রেজা সকালে তার জেএসসি পরীক্ষার্থী ছেলে আহসান হাবিবকে মোটরসাইকেলযোগে নিয়ে যাচ্ছিলেন ওই পরীক্ষা কেন্দ্রে। এ সময় সদর উপজেলার হরিপুর বটতলা নামকস্থানে পৌঁছালে পেছন দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে পেছনে বসে থাকা হাবিব চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। সে উপজেলার শ্যামপুর সুগার মিল উচ্চবিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষা দিচ্ছিল। পুলিশ চালককে আটক করতে পারেনি।
মোবাইল ফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেন রংপুর সদর থানার ওসি মো. বাবুল মিয়া।
ইত্তেফাক/আরকেজি
