এমপি সুজাকে কিডনি দিলেন আলম

আপডেট : ১৩ নভেম্বর ২০১৭, ২০:৫৩
 
রাজনৈতিক নেতাকে ভালোবেসে তার জীবন বাঁচাতে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ (কিডনি) দানের মধ্যদিয়ে অনন্য দৃষ্টান্ত গড়েছেন খুলনা জেলা শ্রমিক লীগের এক কর্মী।বিষয়টি খুলনার রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে কিডনিদাতাকে তার এ মহতি পদক্ষেপের জন্য সাধুবাদ জানিয়েছেন। 
 
আজ সোমবার সকাল ৮টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন খুলনা-৪ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজার কিডনী প্রতিস্থাপন করা হয়।
 
দুইটি কিডনি পুরোপুরি ড্যামেজ অবস্থায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগ নেতা এস এম মোস্তফা রশিদী সুজার কিডনিদাতার নাম মো. আলম হাওলাদার। তিনি জেলা শ্রমিক লীগের একজন কর্মী এবং রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের একজন মেম্বর। কিডনিদাতা মো. আলম হাওলাদারের ছেলে জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার।
 
বাবার কিডনি দানের বিষয়ে মো. আলম হাওলাদারের ছেলে জেলা ছাত্রলীগ সভাপতি পারভেজ হাওলাদার সিঙ্গাপুর থেকে মোবাইলফোনে জানিয়েছেন গতকাল সোমবার সকালে সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে দু’জনই সুস্থ আছেন।
 
এস এম মোস্তফা রশিদী সুজার ছেলে এস এম খালেদীন রশিদী সুকর্ন জানান, তার বাবার কিডনি সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে। তিনি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) রয়েছেন। স্থানীয় সময় বেলা ১২টার দিকে তার পিতা কথা বলেছেন এবং সকলের খোঁজখবর নিয়েছেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন। 
জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক অ্যাডভোকেট ফরিদ আহমেদ বলেন, কিডনিদাতা জেলা শ্রমিক লীগের নেতা মো. আলম হাওলাদার খুলনার রাজনীতিতে একটি ইতিহাস গড়লেন। যা একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
 
উল্লেখ্য, গত কয়েক মাস আগে মোস্তফা রশিদী সুজা এমপি’র দুইটি কিডনিই ড্যামেজ হয়ে গেছে বলে পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে। সেই থেকেই তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন। কিডনি প্রতিস্থাপনের জন্য ডাক্তারদের পরামর্শে তাকে গত মাসে সিঙ্গাপুরে নেয়া হয়। 
 
সোমবার সকালে তার একটি কিডনি প্রতিস্থাপন করা হয়। সিঙ্গাপুরে হাসপাতালে চিকিৎসাধীন মোস্তফা রশিদী সুজা এমপি’র পাশে রয়েছেন স্ত্রী খোদেজা রশিদী ও ছেলে এস এম খালেদীন রশিদী সুকর্ন ও দুই কন্যা। তার সুস্থতা কামনায় খুলনাসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা। 
 
ইত্তেফাক/কেকে