সিলেট গ্যাস ফিল্ড এমডির ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ১৩:৫০

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. লুৎফর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হরিপুরের গ্যাস ফিল্ডের বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। প্রকৌশলী মো. লুৎফর রহমান ময়মনসিংহ জেলার বাসিন্দা। তিনি দেড় বছর ধরে সিলেট গ্যাস ফিল্ডের দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয়রা জানান, প্রতিদিন সকাল ৯টায় সিলেট গ্যাস ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক(প্রকৌশলী) লুৎফর রহমান অফিসে আসেন। বুধবার সকাল ১০ টায় অফিসে না আসায় অফিসের লোকজন তার বাসায় খোঁজ নেন। এ সময় বাসায় লুৎফুর রহমানের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।

আরও পড়ুন: সোনাগাজী থানার ওসি প্রত্যাহার, নুসরাতকে হত্যাচেষ্টার মামলা পিবিআইতে

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির বলেন, খবর পেয়ে পুলিশ লুৎফুর রহমানের লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ইত্তেফাক/এমআরএম