দুই শতাধিক ব্যবসায়ীর প্রায় দুই কোটি টাকা নিয়ে প্রতারক চক্রের অন্যতম সদস্য হাসান মিয়া (৩৫) উধাও হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মির্জাপুর উপজেলা সদরে এ ঘটনাটি ঘটেছে। সোমবার মির্জাপুর বাজারের ভুক্তভোগী ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পাওয়া গেছে।
জানা গেছে, উপজেলা সদরের পুষ্টকামুরী গ্রামের লাল মিয়ার ছেলে হাসান। তিনি দীর্ঘ দিন ধরে মির্জাপুর বাজারে কাঁচা তরকারিসহ বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করে আসছেন। স্থানীয় একটি চক্রের যোগসাজসে হাসান ২০১৪ সালে মির্জাপুর বাজারে সঞ্চয় ঋণ নামে একটি সমিতি গড়ে তুলেন। সরকারি অনুমোদন ছাড়াই এই সমিতির নামে পাশ বই ছাপিয়ে হাসান ও তার সহযোগিরা মির্জাপুর বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অংকের সুদ দেওয়ার নাম করে লাখ লাখ টাকা সঞ্চয় তুলতে থাকেন। গত কয়েক বছরের ব্যবধানে তারা ব্যবসায়ীদের কাছ থেকে অন্তত দুই কোটি টাকা এভাবে হাতিয়ে নেয় বলে অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি মিজান বলেন, এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/আরকেজি
