রংপুর সদরের ঠাকুরপাড়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে অগ্নিসংযোগ ও লুটপাটকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ ও জেলা মন্দির সমিতি যৌথভাবে এ মানববন্ধন কর্মসুচির আয়োজন করে।
মানববন্ধনে জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি গোষ্ঠ বিহারি মন্ডলের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক স্বপন কুমার শীল, উন্নয়ন কর্মী মাধব দত্ত, সাংবাদিক রঘুনাথ খাঁ, অসীম বরণ চক্রবর্তী, অরুণ কুমার ঘোষ ও শিবপদ গাইন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, দেশে একের পর এক সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হলেও সরকার ও প্রশাসন নীরব রয়েছে। তাদের পক্ষ থেকে কোন রকম আইনি সহায়তা পাচ্ছে না সংখ্যালঘুরা। নাম মাত্র কমিটি করে দায় এড়াচ্ছে প্রশাসন। আসল অপরাধীরা ধরা ছোয়ার বাইরে থেকে যাচ্ছে। বক্তরা অবিলম্বে রংপুরে হিন্দু সম্প্রাদায়ের বাড়ি ঘরে অগ্নিসংযোগ ও হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।
ইত্তেফাক/এমএ
