‘গোলকিপার’ থেকে উইকেটকিপার ধোনি

আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ১২:০২
শিশু-দিবসে দিল্লির শ্রীরাম বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী শিবাঙ্গিনী চৌধুরীর কাছে সাক্ষাতকার দিলেন ভারত ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। যেখানে ক্রিকেটার জীবনের স্মৃতি চারণ করতে গিয়ে ধোনি বলেন, ‘শুরুতে স্কুল টিমে গোলকিপার খেলতাম। কিন্তু ক্রিকেট টিমে উইকেটকিপার খোঁজা শুরু হলে খেলা বদল করে নিই। উচ্চতা তখন খাটো থাকায় আমার জায়গা হয়ে যায় উইকেটকিপার। তখন ক্লাস ফাইভে পড়ি। তখন আমার প্রিয় বিষয় ছিল অঙ্ক। পরে অবশ্য সেই বিষয়ে পিছিয়ে পড়েছিলাম।’
 
একই সঙ্গে শিশুদিবসে তাঁর বার্তাও দিয়েছেন ধোনি। তিনি বলেন, ‘শৈশবে শেখা বিষয় আমাদের জীবন তৈরি করে। এই সময় পড়াশোনা এবং খেলাধুলা দু’টোই সমান তালে করা উচিত। একই সঙ্গে এই বয়সে মূল্যবোধের শিক্ষাও মেনে চলা বেশ জরুরি।’
 
সাক্ষাৎকারের শেষ পর্বে এসে শিবাঙ্গিনী ধোনির কাছে জানতে চেয়েছিল, স্কুলে যদি কোনও বন্ধু উত্যক্ত করে তা হলে কী করা উচিত? জবাবে ধোনির পরামর্শ, ‘এই ধরনের পরিস্থিতিতে পড়লে সবার আগে বাড়িতে বাবা-মা-কে জানাও। তাঁরা যদি ভয় পেয়ে যান। তাহলে ক্লাসে শিক্ষক-শিক্ষিকাকে জানিয়ে দিলে ফল পাবে। তবে মনে রাখবে, জীবন মসৃণ নয়। তাই সব সময় পরিস্থিতির মোকাবিলা করার জন্য নিজেকে তৈরি রাখা দরকার ছোট থেকে।’
 
ইত্তেফাক/কেআই