লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারীতে শিশু শ্রমিক সোহেলকে (১০) গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় কালু পাটওয়ারী এবং জবিউল্যা পাটওয়ারী নামের দুইজনকে গ্রেফতার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জের আত্মীয়ের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা দুইজনেই পশ্চিম মান্দারী গ্রামের আমির উদ্দিন পাটওয়ারী বাড়ির সানু পাটওয়ারী ছেলে। আর নির্যাতনের শিকার সোহেল চন্দ্রগঞ্জ থানার কুশাখালী ইউনিয়নের হাজীগঞ্জ গ্রামের শহিদুল হোসেনের ছেলে ও মান্দারী বাজারের বাবুলের চায়ের দোকানের শ্রমিক।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোহেল মঙ্গলবার সকাল ১০টায় দোকান মালিক বাবুলের বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে আসার সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে বাগানে মলত্যাগ করে। এ সময় সোহেলকে ধরে নিয়ে যান জবিউল্যা ও কালু। তাদের গরুর সাথে অপকর্ম করেছে এমন অভিযোগ তুলে সোহেলকে লাঠি দিয়ে মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখেন তারা।
পরে খবর পেয়ে বাবুল স্থানীয় মান্দারী বাজারের কয়েকজন ব্যবসায়ী নিয়ে ঘটনাস্থলে গিয়ে সোহেলকে ছেড়ে দিতে বলে। এ সময় তারা অপকর্মের জরিমানা বাবদ ৫০ হাজার টাকা দাবি করে বলে অভিযোগ করেন বাবুল। পরে বিকেল ৪টায় স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
মঙ্গলবার রাতে এ বিষয়ে বাবুল মামলা দায়ের করলে পুলিশ বৃহস্পতিবার সকালে তাদের গ্রেফতার করে। চন্দ্রগঞ্জ থানার ওসি মোক্তার হোসেন জানান, ঘটনার সাথে জড়িত কালু ও জবিউল্যা নামের দুইজনকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
ইত্তেফাক/আরকেজি
