র ফি কু ল ই স লা ম
গুণী নাট্যনির্মাতা মোহন খানের রচনা ও নির্দেশনায় সর্বশেষ দুই বছর আগে কক্সবাজারে একটি নাটকের শুটিং করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী ফারজানা চুমকি। দুই বছর পর আবারো একই পরিচালকের নির্দেশনায় একসঙ্গে তিনটি নাটকের কাজ শেষ করে ঢাকায় ফিরেছেন তিনি। মোহন খানের রচনা ও নির্দেশনায় আগামী ঈদে প্রচারের জন্য নির্মিত হয়েছে নাম ঠিক না হওয়া এই তিনটি নাটক। নাটকগুলোতে চুমকির সহশিল্পী হিসেবে আছেন প্রাণ রায়, আব্দুন নূর সজল, অর্ষাসহ আরো অনেকে। নাটকগুলোতে অভিনয় প্রসঙ্গে ফারজানা চুমকি বলেন, ‘মোহন ভাইয়ের নির্দেশনাতেই শুটিং করতে দুই বছর আগে কক্সবাজার গিয়েছিলাম। এবারো গেলাম তার নাটকের কাজে। গত ২৬ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত টানা শুটিং করে ঢাকায় ফিরেছি। তিনটি নাটকের গল্পই আলাদা এবং এই গল্পগুলোতে সমসাময়িক বিষয় প্রাধান্য পেয়েছে। মোহন ভাইয়ের নির্দেশনায় সবসময়ই কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আর তার নাটক মানেই হলো কক্সবাজারের সমুদ্রসৈকতের পারে জীবনের গল্প বলা। সত্যি বলতে কী, মোহন ভাইয়ের সঙ্গে কাজ করতে বেশ ভালোই লাগে। আর অনেকদিন পর টানা তিনটি নাটকের কাজ করেছি। শুটিং কক্সবাজারে হয়েছে বিধায় টানা কাজ করতে পেরেছি। তিনটি নাটক নিয়েই আমি আশাবাদী।’ এদিকে ফারজানা চুমকি সর্বশেষ সৈয়দ আপন আহসানের নির্দেশনায় আইএফআইসি ব্যাংকের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। তার নতুন এ বিজ্ঞাপন এখন দেশের বেশ কয়েকটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হচ্ছে। ফারজানা চুমকি নিয়মিত অভিনয় করছেন বিটিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘সুখের গাঁও কতদূর’ এবং দুরন্ত টিভিতে প্রচার চলতি রিংকু পরিচালিত ‘শহর থেকে দূরে’ ধারাবাহিক নাটকে।
