রংপুর নগরীর মাহিগঞ্জ সাতমাথায় বৃহস্পতিবার চাকুরি প্রত্যাশী-আনসারদের মধ্যে সংঘর্ষে ১৫জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আনসারের উপ-পরিচালক ও রংপুর জেলা কমান্ডার আব্দুস সালাম জানান, রংপুর বিভাগে সাধারণ আনসার পদে ৩৫০টি পদে লোক নেওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলে কয়েক হাজার আবেদন পত্র জমা পরে। এরমধ্যে থেকে বুধবার রংপুর স্টেডিয়ামে শারীরিক মাপযোগ শেষে ৮৫০জনকে বাছাই করে বৃহস্পতিবার নগরীর মাহিগজ্ঞ সাতমাথা আনসার প্রশিক্ষণ ক্যাম্পে লিখিত পরীক্ষার জন্য ডাকা হয়।
চাকুরি প্রত্যাশীরা জানান, এসএমএসের মাধ্যমে তাদের ডাকার কথা থাকলেও অনেকে তা পান নাই। আবার অনেকে এসএমএস পাওয়ার পরেও লিখিত পরীক্ষায় অংশ নিতে পারেন নাই। এই নিয়ে বিকেলে তাদের সাথে সেখানকার ব্যাটালিয়ন আনসারদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আনসাররা লাঠিচার্জ করলে ১৫জন আহত হন।
আনসারের উপ-পরিচালক ও রংপুর জেলা কমান্ডার আব্দুস সালাম জানান, শারীরিক বাছাইয়ের পরও যারা লিখিত পরীক্ষায় অংশ নিতে পারে নাই তাদের জন্য আমরা বিকেল ৪টা পর্যন্ত অপেক্ষা করেছিলাম। কিন্ত তারা পরীক্ষায় অংশ না নিয়ে বিশৃঙ্খলার চেষ্টা করেছেন। আমরা এবার পরিচ্ছন্নভাবে নিয়োগ প্রক্রিয়া চালিয়েছি। এখানে দুর্নীতির কোন সুযোগ নাই বলে তিনি জানান।
মাহিগজ্ঞ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর আলম জানান, বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ইত্তেফাক/আরকেজি
