ভালো কাজের মাধ্যমেও নিজের যোগ্যতার প্রমাণ মেলে। তার জন্য প্রয়োজন বৈচিত্র্যময় কাজ ও মানের দিক থেকে পুরোপুরি ষোলাআনা। বৈচিত্র্যময় নির্মাণের মাধ্যমে সেটাই প্রমাণ করেছেন নাট্যনির্মাতা পারভেজ আমিন। তার পরিচালনায় বর্তমানে দীপ্ত টিভিতে প্রচারিত হচ্ছে হরিশংকর জলদাশের উপন্যাস অবলম্বনে ধারাবাহিক নাটক ‘জলপুত্র’। এই গুণী নির্মাতাকে নিয়ে লিখেছেন খালেদ আহমেদ
মানুষ বেঁচে থাকে স্বপ্নের মাধ্যমে। স্বপ্ন না থাকলে যেন মানুষের বাঁচাটা অর্থহীন হয়ে পড়ে। আবার সত্ মনোভাব নিয়ে স্বপ্নের বাস্তবায়নে চেষ্টা করলে একজন মানুষের স্বপ্ন পূরণ হয় ঠিকই। তেমনি নাট্যনির্মাতা পারভেজ আমিনও নিজেকে পরিচালক হিসেবে তৈরি করেছেন একটু একটু করে। নিজের স্বপ্ন পূরণ হওয়াটাও তারই চেষ্টার ফসল। তার ভাষ্যে, ‘২০০১ সালে সহকারী পরিচালক হিসাবে মিডিয়ায় কাজ শুরু করেছি। ২০০৫ সালে ‘সিসিমপুর’-এর লাইভ অ্যাকশন ফিল্মের পরিচালনা করি। পরের বছর টেলিফিল্ম দিয়ে টেলিভিশন নাটকের পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ঘটে। এই পর্যন্ত প্রায় ৭০টি এক ঘণ্টার নাটক, ১৬টি টেলিফিল্ম এবং ৭টি ধারাবাহিক নির্মাণ করেছি, যেগুলো বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়েছে।’ এই গুণী নির্মাতার জন্ম নড়াইলের লোহগড়ায়। তার শৈশব-কৈশোর কেটেছে খুলনা শহরে। এরইমধ্যে তিনি বেশ কিছু মানসম্পন্ন নাটক নির্মাণ করে আলোচনায় এসেছেন। তার উল্লেখযোগ্য নির্মাণের মধ্যে রয়েছে টেলিফিল্ম ‘সাইকেল’, ‘মেঘবালিকা’, ‘ক্ষরণ’, ‘মায়া’, একঘণ্টার নাটক ‘অচিনপাখি’, ‘অন্য পৃথিবী’, ‘কেবলি দৃশ্য জন্ম হয়’, ‘শূন্যতা এবং এক বৃন্দ পূর্ণতা’, ‘এবং পুষ্প’, ‘অতশী মামি’ ইত্যাদি। ধারাবাহিক নাটক ‘মিরানা ফ্লাওয়ার অ্যান্ড বুকস কর্নার’, সেলিম আল দীনের ‘যৈবতী কন্যার মন’, মাহাবুব আলমের ‘গেরিলা থেকে সম্মুখ যুদ্ধ’। নির্মাণ নিয়ে নিজের ভাবনা প্রসঙ্গে পারভেজ আমিন বলেন, ‘মূলত আমি কাজ করি শিল্পের জায়গা থেকে। এই মাধ্যম একটি বড় শিল্প। এই শক্তিশালী শিল্পের মাধ্যমেই সমাজকে পরিবর্তন করা সম্ভব। এজন্য অবশ্য সংস্কৃতিমনা প্রযোজকও প্রয়োজন। যারা শুধু ব্যবসার জন্য নাটকে অর্থ খাটাবে না, শিল্পমান ও সমাজের প্রতি দায়বদ্ধতা ঠিক রেখেই কাজ করবেন।’ তার পরিচালনায় বর্তমানে দীপ্ত টিভিতে প্রচারিত হচ্ছে হরিশংকর জলদাশের উপন্যাস অবলম্বনে ধারাবাহিক নাটক ‘জলপুত্র’। বরিশালের কুয়াকাটার বিভিন্ন লোকেশনে শুটিং হওয়া এই নাটক প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘জেলেদের জীবনের গল্প নিয়ে এই নাটক। এতে তাদের প্রতিদিনের জীবনে ঘটা নানা টানাপোড়েন, সুখ-দুঃখ, চাওয়া-পাওয়া আরও অনেক কিছুই উঠে এসেছে। আশা করি নাটকটি দর্শকদের ভালো লাগবে।’ ভবিষ্যতের ভাবনার প্রসঙ্গ উঠতেই গুণী নির্মাতা পারভেজ আমিন বলেন, ‘আমি স্বপ্ন দেখি স্বপ্ন বানাই। ১৮ বছরের বেশি আমার টেলিভিশনের জন্য একটা জার্নি আছে। আমি সব সময় সেই কাজটিই করতে চেয়েছি যা হয়তো কেউ করবে না। যে কাজটা আর দশটা কাজের মতো হবে না। চ্যালেঞ্জিং কাজ হবে। কিন্তু সবকিছুর পিছনে একটাই উদ্দেশ্য কাজ করেছে সবসময় যে, আমি একদিন ছবি বানাব। সত্যি বলতে কী, আমি মানসম্পন্ন কিছু চলচ্চিত্র নির্মাণ করতে চাই, যা দেখে দর্শকরা বিনোদন পাবেন ও কিছু শিখতেও পারবেন।’
ছবি তন্ময় মির্জা
