কুমিল্লায় আরো ৫টি চিকিৎসা প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়েছে। কুমিল্লা সিভিল সার্জনের নেতৃত্বে বৃহস্পতিবার সিটি করপোরেশন এলাকার প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান চালিয়ে নানান অনিয়ম, অব্যবস্থাপনা ও বিনা লাইসেন্সে কার্যক্রম পরিচালনার কারণে এগুলো বন্ধ করে দেওয়া হয়। এরআগে মঙ্গলবার ৫টি প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়।
জানা যায়, বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার কুমিল্লা সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের নেতৃত্বে একটি দল সিটি করপোরেশন এলাকার বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে।
সিভিল সার্জন জানান, নানা অনিয়ম ও অব্যবস্থাপনা, পর্যাপ্ত যন্ত্রপাতি ও দক্ষ টেকনেশিয়ান না থাকা, বিনা লাইসেন্সে কার্যক্রম পরিচালনা করা, ভুয়া ডাক্তার দিয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনা, ফ্রিজে রক্ত রাখা ও স্ক্রিনিং না থাকাসহ বিভিন্ন অভিযোগে নগরীর রেইসকোর্স এলাকার সিমপ্যাথি হাসপাতাল, মিশন হাসপাতাল, বি. রহমান হাসপাতাল, ঝাউতলা এলাকার কমপ্যাথ ডায়াগনস্টিক, সেভ লাইফ ক্লিনিক্যাল ল্যাবরেটরিজ এসব প্রতিষ্ঠানের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, এরআগে মঙ্গলবার জেলার চান্দিনা পৌর এলাকায় অভিযান চালিয়ে একই ধরনের অভিযোগে ৫টি প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়।
ইত্তেফাক/আরকেজি
