তালতলী আওয়ামী লীগ সভাপতি সম্পাদকের ওপর সন্ত্রাসী হামলা

আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ২১:৪৬

তালতলী (বরগুনা) সংবাদদাতা

তালতলীতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ছোট বগী ইউপি চেয়ারম্যান মুহা তৌফিকুজ্জামান তনুসহ সাত-আটজন নেতা-কর্মী আহত হন। হামলা চালান নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান দুলাল ফরাজিসহ তার সন্ত্রাসী বাহিনী। পরে তালতলী থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থান থেকে হামলার মূল পরিকল্পনাকারী দুলাল ফরাজিকে আটক করেন এবং রাতেই তাকে জেলহাজতে প্রেরণ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরগুনার তালতলী উপজেলার শুভ সন্ধ্যা পিকনিক স্পটে বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সন্ধ্যায় জোসনা উত্সব অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে তালতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি রেজবিউল কবির জোমাদ্দার, সাধারণ সম্পাদক ও ছোট বগী ইউপি চেয়ারম্যান মুহা তৌফিকুজ্জামান তনুসহ নেতা-কর্মীদের নিয়ে অংশগ্রহণ করেন। এ সময় দুলাল ফরাজি তার সন্ত্রাসী বাহিনী নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালান। এ হামলায় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকসহ সাত-আটজন আহত হন।

পরে তালতলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং হামলার মূল পরিকল্পনাকারী নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান দুলাল ফরাজিকে আটক করেন এবং শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করেন।

এ ঘটনায় শুক্রবার রাতেই উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুহা তৌফিকুজ্জামান তনু বাদি হয়ে তালতলী থানায় দুলাল ফরাজির নাম উল্লেখ করে ১০-১২ জনকে অজ্ঞাত রেখে মামলা দায়ের করেন।

তালতলী থানা অফিস ইনচার্জ পুলক চন্দ্র রায় জানান, মামলার প্রধান আসামি দুলাল ফরাজিকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।