ঢাকার মঞ্চে এবার অঞ্জন দত্ত

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ১৯:০৬

 

একজন মানুষের কতগুলো শৈল্পিক গুণ থাকলে তাকে মনের মণিকোঠায় সম্মান ও ভালোবাসার আসনে বসানো যায়। ঠিক তেমনি নিপুন গুণ আর ব্যক্তিত্বের অধিকারী অঞ্জন দত্ত। জীবনের নানা প্রতিকূলতা ও ভালোবাসার আকুলতা নিয়ে যিনি শ্রোতাদের উপহার দিয়েছেন বেলা বোস, রঞ্জনা, মেরীয়ানের মতো গান। যা মানুষের সাধারণ স্বপ্নকে স্বচ্ছ কাঁচের মতো ফুটিয়ে তুলেছেন পশ্চিমবঙ্গের এই শিল্পী। গানের পাশাপাশি অভিনয় ও সিনেমা জগতেও রয়েছে তার পদচারণা, মূলত তার স্বপ্নই ছিলেন অভিনেতা হওয়া সিনেমা বানানো। তার অনেক সাক্ষাত্কারে তিনি এ কথা স্বীকার করেছেন বহুবার। তাই গানের পাশাপাশি অভিনয়টাকে এখনো মনের গভীরে পুষে রেখেছেন অনেক যত্নে, ভক্ত সমাজে তার অভিনয়ের প্রশংসা মনকাড়া। এবার অঞ্জন প্রডাকশনের তত্ত্বাবধানে ঢাকায় খুব শিগগিরই একটি মঞ্চ নাটকের আয়োজন করা হচ্ছে। যেখানে মূল চরিত্রে মঞ্চে অভিনয় করবেন অঞ্জন দত্ত নিজেই। আর্থার মিলারের ডেথ অফ অ্যা সেলসম্যান অবলম্বনে সেলসম্যানের সংসার নাটকটি তৈরি করা হয়েছে। সাংসারিক দিক থেকে সমাজ বা রাজনীতিকে দেখতে চাওয়ার আকাঙ্ক্ষা থেকেই নির্মিত হয়েছে নাটকটি।