দিনাজপুরে জেএমবির দুই সদস্য আটক

আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ২১:৪৬

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

দিনাজপুরে পৃথক অভিযানে জেএমবির দুইজন সদস্যকে আটক করেছে র্যাব-১৩ সদস্যরা। শুক্রবার রাতে দিনাজপুর সদরের সিকদার হাট এলাকা থেকে আবদুর রশিদ এবং লালমনিরহাটের পাটগ্রাম থেকে বৃহস্পতিবার মোঃ মাহমুদ হাসান রুমানকে আটক করা হয়। আটককৃত আবদুর রশিদ দিনাজপুর সদরের সৈয়দপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে এবং মো. মাহমুদ হাসান রুমান পাটগ্রাম থানার রসুলগঞ্জ গ্রামের মৃত নূরুল হকের ছেলে।

র্যাব-১৩ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনাজপুর সদরের সিকদার হাট এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ জেএমবি নেতা আবদুর রশিদকে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত হতে মোবাইলে সংরক্ষিত জঙ্গি সংগঠনের বিভিন্ন ম্যাগাজিন ও উগ্র জঙ্গিবাদী ভিডিও ক্লিপ উদ্ধার করা হয়। অপরদিকে র্যাব-১৩, রংপুর এর জঙ্গি সেলের অপর একটি দল বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাট জেলার পাটগ্রাম থানাধীন পাটগ্রাম চৌরঙ্গী মোড়স্থ পাটগ্রাম বাজারের ১নং গলির রুমন স্টোরে অভিযান চালিয়ে জেএমবি সদস্য মো. মাহমুদ হাসান রুমানকে আটক করে।

র্যাব-১৩, দিনাজপুরের কোম্পানি অধিনায়ক, উপ-পরিচালক মেজর সোহেল রানা প্রিন্স ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।