বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা বাজারের আল-মদিনা (পিংকি) নামের একটি আবাসিক হোটেল থেকে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই আবাসিক হোটেলের চারতলার ৪ নম্বর কক্ষ থেকে এ সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ নভেম্বর দুপুরে দুই ব্যক্তি হোটেলের চারতলার ৪ নম্বর কক্ষ ভাড়া নিয়ে মালামাল রেখে চলে যায়। এ পর গত চার দিনেও তারা ফিরে না আসায় হোটেল ম্যানেজার বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ হোটেল কক্ষের তালা ভেঙে বোমা তৈরির দুটি বড় আকারের হটপট, গান পাউডার, লোহা ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করে।
হোটেলের বোর্ডার রেজিস্ট্রারে বোর্ডার হিসেবে বগুড়ার আদমদীঘি উপজেলার পাহালোহা আলীপাড়া গ্রামের মৃত. মমতাজ উদ্দিনের ছেলে মাহতাব উদ্দিন ও একই এলাকার সাদেক আলীর ছেলে আজাদুলের নাম রয়েছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম জানান, আল-মদিনা (পিংকি) আবাসিক হোটেল কর্তৃপক্ষের অভিযোগ পেয়ে একটি কক্ষ থেকে বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ইত্তেফাক/ইউবি
