মৌচাকে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ডিবি কর্মকর্তা আহত

আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ১৮:১৩
রাজধানীর মালিবাগ মৌচাকে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মাহবুবুল হক (৪৫) নামের গোয়েন্দা (ডিবি) পুলিশের এক পরিদর্শক আহত হয়েছেন। রবিবার ভোর সাড়ে ৫টার দিকে মৌচাক সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজের সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। মাহবুবুল হক ডিবি পুলিশের পশ্চিম বিভাগে কর্মরত। তিনি পরিবার নিয়ে শাহজাহানপুর গুলবাগে থাকেন।
 
মাহবুবুলের সহকর্মী, সহকারী উপপরিদর্শক (এএসআই) ফুয়াদ আহমেদ জানান, রাতে বিভিন্ন জায়গায় অভিযান শেষে ভোরে মিন্টো রোডের কার্যালয়ে ফিরেন পুলিশ কর্মকর্তা মাহবুবল হক। এরপর রিকশা নিয়ে বাসায় ফিরছিলেন তিনি। ভোর সাড়ে ৫টার দিকে মৌচাক সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে পৌঁছলে দুই ছিনতাইকারী তার রিকশার গতিরোধ করে। এরপর ধারালো অস্ত্র ঠেকিয়ে তার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে তার ডান হাতের আঙুল সামান্য কেটে যায়।
 
ফুয়াদ আহমেদ আরও জানান, ছিনতাইকারীরা মাহবুবুলের কাছ থেকে কিছু নিতে পারেনি। মোবাইলের মাধ্যমে তিনি নিজেই এএসআই ফুয়াদকে খবর দিলে ফুয়াদ তাকে মোটরসাইকেলে করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানান ফুয়াদ। 
 
ইত্তেফাক/এমআই