রোহিঙ্গাদের ফেরত পাঠানো সহজ হবে না :তোফায়েল

আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ০১:৩৪

বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, আমরা এখনো বিশ্বাস করি বাংলাদেশের কূটনৈতিক তত্পরতায় রোহিঙ্গাদের ফেরত নেবে মিয়ানমার। তবে এ কাজটি সহজ হবে না। বিশ্বের অনেক দেশই এমন কথা বলেছে। তাই কূটনৈতিকভাবে বিষয়টি সমাধান করার চেষ্টা অব্যাহত রাখবে বাংলাদেশ। আমরা রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পারবো বলে আশা করি। গতকাল রবিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জও তাবাজোরা ডি. ওলিভেইলা জুনিয়র।

সাক্ষাত্ শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ‘নিজ দেশের স্বার্থেই ভারত, চীন ও রাশিয়া রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পক্ষে ভোট দেয়নি। কারণ চীন সেখানে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলবে, ভারত মিয়ানমারের কালাদান নদীর তীরে বন্দর স্থাপন করছে এবং রাশিয়া মিয়ানমারে অস্ত্র বিক্রি করে। তবে ভারত তাদের অবস্থান বদলে এখন মধ্যবর্তী অবস্থান নিয়েছে। আর চীন রাশিয়াকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দিতে চেয়েছে বাংলাদেশ। কূটনৈতিক প্রচেষ্টায় সরকার রোহিঙ্গা ইস্যুকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পেরেছে উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, ‘মিয়ানমারও এখন নমনীয়। আশা করি, রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পারব। চীনের পররাষ্ট্রমন্ত্রীও একই কথা বলেছেন, কাজটা কঠিন। কিন্তু আমাদের কূটনৈতিক তত্পরতা অব্যাহত আছে।’ তিনি বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে সরকারের অবদান স্বীকার করছে না বিএনপি। বিএনপির প্রতি ইঙ্গিত করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ এক সময় এই দেশে মির্জা ফখরুলরা (বিএনপির মহাসচিব) নিষিদ্ধ করেছিল।

দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি বাড়ছে কেন একজন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, ‘আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যাওয়া এবং ডলারের অবমূল্যায়নের কারণে বাণিজ্য ঘাটতি বেড়েছে। আগামী বছরগুলোতে এ ঘাটতি কমে আসবে।’

ইত্তেফাক/নূহু