মাহেলার সান্নিধ্যে শেখার আশায় সাইফ হাসান

আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ১০:০১
মালয়েশিয়ায় এশিয়া কাপ মিশন শেষে গত শনিবার দেশে ফিরেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। গতকাল বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইটান্সের অনুশীলনে যোগ দিয়েছেন যুব দলের অধিনায়ক সাইফ হাসান। সৌদি আরবে বড় হওয়া সাইফের মা শ্রীলঙ্কান। ছোট বেলা থেকে লঙ্কান গ্রেট মাহেলা জয়াবর্ধনেকে অনুসরণ করছেন এ তরুণ ক্রিকেটার।
 
এবার বিপিএলে খুলনার কোচের দায়িত্বে আছেন জয়াবর্ধনে। সাইফও বিপিএলে খেলবেন খুলনার হয়ে। ড্রেসিংরুমে পছন্দের ব্যাটসম্যানকে পেয়ে অনেক কিছু শেখার আশা করছেন সাইফ। গতকাল প্রথম দিন অনুশীলন শেষে জয়াবর্ধনেকে কোচ হিসেবে পাওয়ার সুযোগ সম্পর্কে তিনি বলেছেন, ‘উনি গ্রেট একজন ব্যাটসম্যান, আমার খুব পছন্দের একটা ব্যাটসম্যান। ছোটবেলা থেকেই উনার ব্যাটিং ফলো করি। এখানে উনার কাছ থেকে অনেক কিছু নেওয়ার চেষ্টা করবো, যতটুকু সম্ভব।’
 
প্রথম দিনে জয়াবর্ধনের সঙ্গে টুকটাক আলাপ হয়েছে সাইফের। জানালেন, ‘নেটে বলছিল, তুমি যেহেতু অন্য একটা ফরম্যাট থেকে এসেছে। চেষ্টা করো ব্যস্ত থাকার, স্ট্রাইট রোটেট তারপর শটস খেলার চেষ্টা করো আউট হলে সমস্যা নেই।’
 
খুলনা দলে রয়েছেন যুব দলের আরেক ক্রিকেটার আফিফ হোসেন ধ্রুব। আফিফ গত বছরই বিপিএল খেলেছিলেন রাজশাহী কিংসের হয়ে।
 
অনূর্ধ্ব-১৯ দলের মঞ্চ থেকে এসে বিপিএলে নিজেকে মেলে ধরতে চান সাইফ। ডানহাতি এ ওপেনার বলেন, ‘বিপিএলে অবশ্যই পারফর্ম করার চেষ্টা করবো। ওখানে যে পারফরম্যান্স হয়েছে কন্টিনিউ করার চেষ্টা করবো। অবশ্যই নিজেকে মেলে ধরার চমত্কার একটা প্ল্যাটফর্ম। গত বছর আফিফের খুব ভাল প্রচার ছিল। এখানে সবচেয়ে ভাল ব্যাপার নিজেকে খুব ভালভাবে প্রকাশ করা যায়। সুযোগ পেলে কাজে লাগাব।’
 
ঘরের মাঠে আফগানিস্তান ও নেপালের বিরুদ্ধে রান খরায় ভুগছিল অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটসম্যানরা। তবে এশিয়া কাপে কয়েকজন রানে ফিরেছেন। সাইফ, তৌহিদ হূদয়রা নিয়মিত রান পেয়েছেন। যদিও টুর্নামেন্টের সেমিফাইনালে বৃষ্টির কারণে ডিএল মেথডে পাকিস্তানের কাছে ২ রানে হেরে বিদায় নিয়েছিল বাংলাদেশ। তবে পুরো ম্যাচ হলে জিততে পারতো বাংলাদেশ, এমনটাই বলছেন সাইফ।
 
তিনি বলেন, ‘পুরো ম্যাচ আমরা নিয়ন্ত্রণ করেছিলাম, বৃষ্টি আসার আগ পর্যন্ত আমরা এগিয়ে ছিলাম। শুধু তার আগের ওভারে ৯-১০ রান নিয়েছিল। ওখানে তারা এগিয়ে গিয়েছে। দুর্ভাগ্য আমাদের আবহাওয়ার উপরে নিয়ন্ত্রণ নেই। যদি পুরো ম্যাচ হতো আমরা হয়তো ম্যাচটা জিততাম।’
 
ইত্তেফাক/কেআই