ভারতের সাবেক মন্ত্রী ও কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সি আর নেই

আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ১০:১৭
ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাসমুন্সি আর নেই। গতকাল সোমবার দিল্লিতে তার জীবনাবসান হয়েছে। ২০০৮ সালে মারাত্মক স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর তিনি কোমায় চলে যান। এই অবস্থা থেকে কখনোই আর পুরোপুরি বেরিয়ে আসতে পারেননি। দিল্লির একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। গতকাল সোমবার বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এদিকে তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।
 
স্থানীয় সময় গতকাল বেলা ১২টা ১০ মিনিট নাগাদ দিল্লির অ্যাপোলো হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭২ বছর। স্বাধীন ভারতে পশ্চিমবঙ্গের যে হাতে গোনা যে কয়েকজন রাজনীতিবিদ জাতীয় রাজনীতিতেও বিরাট প্রভাব রাখতে পরেছিলেন, দাশমুন্সি ছিলেন তাদের অন্যতম। তিনি শুধু সুবক্তা হিসেবেই পরিচিত ছিলেন না, পশ্চিমবঙ্গ থেকে অন্তত পাঁচবারের নির্বাচিত লোকসভা এমপি হিসেবে তার সংসদীয় অভিজ্ঞতাও ছিল বিপুল। তথ্য ও সম্প্রচার, পানিসম্পদ, সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্বও পালন করেছেন তিনি। 
 
যুব কংগ্রেস নেতা হিসেবে তিনি সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীরও অত্যন্ত আস্থাভাজন ছিলেন। ১৯৭১ সালে মাত্র ২৬ বছর বয়সে তিনি দক্ষিণ কলকাতা থেকে কংগ্রেস এমপি হিসেবে নির্বাচিত হয়ে পার্লামেন্টে পা রাখেন। প্রিয়রঞ্জন দাশমুন্সির প্রয়াণে শোক প্রকাশ করে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী, ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিসহ আরো অনেকে।
IMG0
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল এক শোক বার্তায় বলেন, ১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধের সময় ভারতের একজন তরুণ নেতা হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার মৃত্যুতে বাংলাদেশ একজন ভালো বন্ধু হারালো। প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। বিবিসি ও এনডিটিভি।
 
ইত্তেফাক/সেতু