সিলেট অফিস
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে ৯ এপ্রিল সিলেট সদর হাসপাতালের চিকিত্সক এবং নার্সদের ওপর গুলি চালায় হানাদার পাকিস্তানি সেনাবাহিনী। হাসপাতালে কর্তব্যরত অবস্থায় নৃশংসভাবে হত্যা করা হয় ডা. শামসুদ্দিন আহমদ, ডা. শ্যামল কান্তি লালা, নার্স মাহমুদুর রহমান ও অ্যাম্বুলেন্স চালক কোরবান আলীকে। শোকাবহ দিবসটি স্মরণে গত মঙ্গলবার স্থানীয় সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন সংগঠনের কর্মীরা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।
নাগরিক মৈত্রী সিলেটের উদ্যোগে চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও নগরে শোকর্যালি বের করা হয়। শোকর্যালিতে শহীদ পরিবারের সদস্য এবং বিভিন্ন সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।
র্যালিতে উপস্থিত ছিলেন- ব্যারিস্টার মো. আরশ আলী, অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, অ্যাডভোকেট এমাদউল্লাহ শহীদুল ইসলাম শাহীন, ফারুক মাহমুদ চৌধুরী, আব্দুল করিম কিম, ডা. নাজরা চৌধুরী, শহীদ ডা. শামসুদ্দিন আহমদের ভাগ্নি ফরিদা নাসরিন, ডা. গোলাম কিবরিয়া প্রমুখ।
শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নাগরিক মৈত্রী সিলেটের আহবায়ক অ্যাডভোকেট সময় বিজয় সী শেখর।
