মাদক-বিরোধী অভিযানে গ্রেফতার ৩৯

আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ২১:৪৭

ইত্তেফাক ডেস্ক

দেশব্যাপী মাদক-বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও সেবনকারীসহ  ৩৯ জন গ্রেফতার হয়েছে। উদ্ধার করা হয়েছে ইয়াবা, গাঁজা, ফেন্সিডিলসহ বেশ কিছু মাদকদ্রব্য। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

দিনাজপুর: দিনাজপুরে ৩৭ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ১০টা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। অভিযানকালে পুলিশ ১৫২ পিস ইয়াবা, ২০ লিটার চোলাই মদ, ২৪ বোতল ফেন্সিডিল, ২৮ পিস এম্পুল ইনজেকশন ও ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। তাদের বিরুদ্ধে ১২টি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

রংপুর: রংপুর র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল মাদক ব্যবসায়ী মোঃ ঈসা আলী শামীমকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় জেলার মিঠাপুকুর থানাধীন রহমতপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ৩৯০ পিস ইয়াবা, ৫০ গ্রাম হেরোইন, ১০ বোতল ফেন্সিডিল এবং মাদক বিক্রয় করা নগদ ২৭,২৪০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।  

সৈয়দপুর (নীলফামারী): সৈয়দপুরে ৩৬৯ পিস ইয়াবাসহ নুর ইসলাম নীরব নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের শিবেরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার প্যান্টের পকেট তল্লাশি করে ৩৬৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহজাহান পাশা জানান, এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে এবং ইয়াবা ব্যবসায়ীকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।