শিক্ষক বরখাস্ত
মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা
মাধবপুর উপজেলার শাহজিবাজার বিদ্যুত্ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের প্রহারে অসুস্থ দুই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত শিক্ষক হাবিবুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হোসেন জানান, মঙ্গলবার টিফিন শেষে ক্লাসে বিলম্বে ফেরার কারণে দশম শ্রেণির ৫ জন ছাত্রীকে গাছের ডাল দিয়ে প্রহার করেন শিক্ষক হাবিবুর রহমান। মিম খাতুন ও তানিয়া আক্তারের প্রহার ঘাড়ে পড়ায় তারা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। প্রথমে তাদেরকে স্থানীয় একটি মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়। পরে ঢাকায় পাঠানো হয়েছে। অভিযুক্ত শিক্ষক অসুস্থ বলে তিনি মন্তব্য করেছেন। তদন্ত রিপোর্টে মূল কারণ জানা যাবে বলে তিনি জানান। শাহজিবাজার বিদ্যুত্ উত্পাদন কেন্দ্রের ব্যবস্থাপক কামাল হোসেন জানান, এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক হাবিবুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং নির্বাহী প্রকৌশলী মাহমুদুর কবিরকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মাধবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন জানান, বুধবার সকালে মাধবপুর উপজেলার নির্বাহী অফিসার মল্লিকা দে, সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমানসহ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন, ঘটনার সত্যতা পাওয়া গেছে। মাধবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে জানান, বুধবার সকালে শাহজিবাজার বিদ্যুত্ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয় পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। বর্তমানে অসুস্থ দুই ছাত্রী সুস্থ আছে বলে জানা গেছে।
