ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা
সিলেটের ওসমানীনগরে কিশোরী গণধর্ষণের মামলার প্রধান আসামিকে সিলেট থেকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকালে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এস এম আল মামুন ও এস আই মুমিনুল ইসলামের নেতৃত্বে নগরীর কোর্ট পয়েন্ট এলাকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিনার আলী উরফে কওছর মিয়া (২৬) উপজেলার সাদীপুর ইউনিয়নের রহমতপুর গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণে জানা যায়, উপজেলার রহমতপুর গ্রামের লতিব মিয়ার ছেলে মিনার মিয়া ও পার্শ্ববর্তী উত্তর কালনীচর গ্রামের তাইদ উল্লার ছেলে মখলু মিয়া গত ২৫ মার্চ রাতে কিশোরীকে মুখ বেঁধে জোরপূর্বকপালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এসএম আল মামুন মিনার আলীকে গ্রেফতারের ঘটনাটি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিকে বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে।
