বাঁশের সাঁকোই যেখানে একমাত্র ভরসা

আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ১৩:৪৬
 
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের কাউয়ারঘাটে ব্রিজ না হওয়ায় বাঁশের সাঁকো দিয়ে চলাচল করছে পাঁচ গ্রামের প্রায় দশ হাজার মানুষ। এতে ওই এলাকার মানুষের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধির পক্ষ থেকে ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়নের কোন পদক্ষেপ নেই।
 
জানা গেছে, বাহাগিলি ইউনিয়নের উত্তর দুরাকুটি মাছুয়াপাড়া কাউয়ারঘাটে যমুনেশ্বরী নদীর উপর স্থানীয় জনগণ নিজ উদ্যোগে প্রায় ২০ বছর আগে একটি বাঁশের সাঁকো নির্মাণ করেন। প্রতিবছর বর্ষাকালে এই সাঁকোটি এলাকাবাসী সংস্কারও করে আসছেন। কিন্তু সেই ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে কোনরকমে চলাচল করা গেলেও কৃষকের উৎপাদিত পণ্য ওই সাঁকো দিয়ে কিশোরগঞ্জ কিংবা তারাগঞ্জ হাটে নিয়ে আসা যায় না। ফলে এলাকাবাসীর দুর্ভোগ কমছেনা। সাঁকো না থাকার কারণে বাহাগিলি ইউনিয়নের মাছুয়াপাড়া, কাচারীপাড়া, ডাঙ্গাপাড়া, নান্নুরবাজার, ও উচ্চ গ্রামের মানুষজন কৃষি থেকে উৎপাদিত পণ্য কিশোরগঞ্জ কিংবা তারাগঞ্জ হাটে নিয়ে যাওয়ার জন্য দ্বিগুণ ভাড়া গুনছেন।
 
উত্তর দুরাকুটি মাছুয়াপাড়া গ্রামের প্রান্তিক কৃষক ওয়াদুদ আলী বলেন, 'আমার বাবার আমল থেকে আমি ওই বাঁশের সাঁকো দিয়ে পারাপার করে আসছি। বর্তমানে আমার বয়স ৩০ বছর হয়েছে কিন্তু ওই কাউয়ারঘাটে আজ অবধি ব্রিজ হলো না। ব্রিজ না থাকার কারণে কৃষি থেকে আমাদের উৎপাদিত পণ্য প্রায় ৫ কিলোমিটার ঘুরে কালুর ঘাট ব্রিজ দিয়ে তারাগঞ্জ হাটে এবং ৬ কিলোমিটার ঘুরে কিশোরগঞ্জ হাটে কৃষি পণ্য নিয়ে যেতে দ্বিগুণ ভ্যান ভাড়া দিতে হয়।'
 
IMG0
 
কাচারীপাড়া গ্রামের আফছার আলী বলেন, 'বাহে সাংবাদিকে বেটা কি আর কইম বাবা তুইতো সউক (সব)জানিস। ভোট আইলে কাম নাগে তখন প্রার্থীর ঘর ভোট নিবার জন্য কয় মুই চেয়ারম্যান হইলে এটে কোনা ব্রিজ আগত দেইম তারপর অন্য কাম করিম। ভোট শেষ হইল তা দেখায় পাওয়া যায় না।'
 
বাহাগিলি ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান শাহ দুলু বলেন, 'উত্তর দুড়াকুটি মাছুড়াপাড়া, কাচারীপাড়া, উচ্চ গ্রামের বাসিন্দাদের জন্য ওই জায়গায় ব্রিজ নির্মাণ করা খুবই জরুরি। ওই জায়গায় ব্রিজ হলে তারা খুব তাড়াতাড়ি চণ্ডীর বাজার হয়ে কিশোরগঞ্জ তারাগঞ্জ মহাসড়ক দিয়ে তারাগঞ্জ ও কিশোরগঞ্জে যাতায়াত করতে পারবে।' তিনি আরো বলেন, 'আমি তাদের বলেছি ওই খানে ব্রিজ করে দেব। যেহেতু আমি দ্বিতীয় মেয়াদে বাহাগিলি ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি সেহেতু চেষ্টা করব যাতে খুব তাড়াতাড়ি সেখানে একটি ব্রিজ নির্মাণ করা যায়।'
 
ইত্তেফাক/জামান