যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের কাছ থেকে ৭০০ কোটি ডলারের অস্ত্র কিনতে সম্মত হয়েছে সৌদি আরব। যুক্তরাষ্ট্রের কয়েকজন আইনপ্রণেতা এই অস্ত্রচুক্তির বিরোধিতা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ইয়েমেনে বেসামরিক নাগরিকদের হত্যায় সৌদি আরবের বিরুদ্ধে অভিযোগ উঠায় এ বিরোধিতা করা হতে পারে।
সংশ্লিষ্ট একটি সূত্র নিশ্চিত করেছে, ২০১৭ সালের মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব সফরে ১১ হাজার কোটি ডলারের অস্ত্রচুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় সৌদি আরব রেথিওন কো ও বোয়িং কো-এর কাছ থেকে অস্ত্রশস্ত্র কেনা হবে। ৭০০ কোটি ডলারের অস্ত্রচুক্তির বিষয়ে দুইটি কোম্পানিই মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। জানা গেছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এখনও দেশটির কংগ্রেসকে এই চুক্তির বিষয়ে অবহিত করেনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে জানানোর আগ পর্যন্ত অস্ত্র বিক্রি চুক্তির বিষয়টি নিশ্চিত বা অস্বীকার করা যাচ্ছে না।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন সালমানও এই চুক্তির বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে এক বিবৃতিতে তিনি বলেছেন, ট্রাম্পের সফরে স্বাক্ষরিত চুক্তি বাস্তবায়নের পথ ধরে অগ্রসর হবে সৌদি কর্তৃপক্ষ। রয়টার্স।
ইত্তেফাক/সাব্বির
