দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা
দশমিনার বাশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ এলাকায় বুধবার বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত আস্তেসা বিবি মজিবর মৃধার স্ত্রী। এসময় একই স্থানে থাকা একই এলাকার নূর হোসেন হাওলাদারের স্ত্রী আনোয়ারা বেগম গুরুতর আহত হন। তাকে দশমিনা হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে।
নাটোর প্রতিনিধি জানান, নাটোরের নলডাঙ্গায় মঙ্গলবার বজ্রপাতে শাহিন মন্ডল (২০) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। উপজেলার পশ্চিম মাধনগর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। মৃত শাহিন মন্ডল একই গ্রামের রহিম মন্ডলের ছেলে ও নলডাঙ্গা শহীদ নাজমুল হক ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র।
মাধনগর ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন দেওয়ান জানান, শাহিন মন্ডল বাড়ির পার্শ্ববর্তী মাঠে পাটের বীজ বপণ করতে গেলে বজ পাতে ঘটনাস্থলেই মারা যায়।
গরু বোঝাই নছিমন উল্টে নিহত এক
নাটোর সদর উপজেলার রামাইগাছী এলাকায় বুধবার গরু বোঝাই নছিমন উল্টে একজন নিহত হয়েছে। এসময় আরো সাতজন আহত হয়। নিহত গরু ব্যবসায়ী সাইফুজ্জামান সিরাজগঞ্জের তারাশ উপজেলার সাদেক আলীর ছেলে। আহত সাতজনকে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। নিহতের লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
