রাজশাহী-ঢাকা নতুন ট্রেনের নাম ‘বনলতা এক্সপ্রেস’

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ২১:৪৬

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী-ঢাকা নতুন বিরতিহীন আন্তঃনগর ট্রেনের নাম রাখা হচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’। বুধবার নতুন ট্রেনের নামটি চূড়ান্ত করা হয়েছে বলে রেল মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে।

রেল মন্ত্রণালয় সূত্র জানায়, পহেলা বৈশাখ থেকেই এ ট্রেনটি উদ্বোধনের চেষ্টা ছিল। তবে শেষ মুহূর্তে এসে প্রস্তুতির জন্য আরো কিছু সময় প্রয়োজন হওয়ায় তা পিছিয়ে গেছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক খোন্দকার শহিদুল ইসলাম বলেন, পহেলা বৈশাখ থেকেই নতুন ট্রেনটি চালু হচ্ছে না। কবে চালু করা হচ্ছে? এ সম্পর্কে সুনির্দিষ্ট কিছু উল্লেখ না করে তিনি বলেন, শুধু এটুকু বলতে পারি, খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না।