সুপার লিগে শেখ জামাল

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ২১:৪৭

গতকালকের আগ পর্যন্ত সুপার লিগের বাকি দুটি জায়গার জন্য চারটি দলের লড়াই ছিল। গতকাল শেষ রাউন্ডের প্রথম দিনেই সুপার লিগের একটি জায়গা নিজেদের করে নিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এখন বাকি একটি জায়গার জন্য লড়াই করবে মোহামেডান, গাজী গ্রুপ ও শাইনপুকুর।

গতকাল আবাহনীকে ৩ উইকেটে হারিয়েছে শেখ জামাল। এই নিয়ে টানা দ্বিতীয় ম্যাচ হারলো পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা আবাহনী। আর এই জয়ে শেখ জামালের পয়েন্ট হলো ১১ ম্যাচে ১৪। মোহামেডান ও গাজী গ্রুপ আজ জয় পেলে তাদেরও পয়েন্ট ১৪ করে হবে। কিন্তু তিন দলের মধ্যে ‘হেড টু হেড’ বিবেচনায় এগিয়ে থাকায় শেখ জামাল তখনও এগিয়ে থাকবে।

গতকাল দিনের অন্য ম্যাচে প্রাইম দোলেশ্বরকে টানটান উত্তেজনার ম্যাচে ১ উইকেটে হারিয়ে রেলিগেশন লিগ এড়ানোর জন্য একটু এগিয়ে রইলো ব্রাদার্স ইউনিয়ন।

বিকেএসপিতে শেখ জামালের বিপক্ষে আগে ব্যাট করে আবাহনী। শুরুতেই মারাত্মক বিপর্যয়ে পড়া আবাহনী ১৪ রানে হারিয়ে ফেলেছিল ৪ উইকেট। এর মধ্যে ৩ উইকেটই তুলে নেন নাসির হোসেন। এরপর আবাহনী অধিনায়ক মোসাদ্দেক হোসেন অপরাজিত ১০১ রানের ইনিংস খেলে দলের মুখ রক্ষা করেন। তাকে সঙ্গ দেন ৩৩ রান করা মিঠুন এবং ২৬ রান করা আব্দুল্লাহ আল মামুন ও ২০ রান করা মাশরাফি বিন মুর্তজা।

জবাব দিতে নেমে শেখ জামালও ১২ রানে ২ উইকেট হারিয়ে ফেলে। তাদের শুরুতে রক্ষা করেন অনুষ্টুম মজুমদার ও ইমতিয়াজ হোসেন পরে নাসির হোসেন ও তানভির হায়দারের হাত ধরে জয় পায় তারা।

প্রাইম দোলেশ্বরের বিপক্ষে শেষ ২ ওভারে ১০ রান দরকার ছিল ব্রাদার্সের। ৪৯তম ওভারে নাঈম ইসলাম একটা ছক্কা মারলেও তারা ২ উইকেট হারিয়ে ফেলে। হাতে ১ উইকেট নিয়ে শেষ ওভারে প্রয়োজনীয় ৩ রান তোলে তারা শেষের আগের বলে গিয়ে।

আগে ব্যাট করা প্রাইম দোলেশ্বর মাঝারি পুঁজি গড়তে পারে মূলত তাইবুর রহমানের অপরাজিত ৭০ রানে ভর করে। এছাড়া ফরহাদ হোসেন ৪০ ও মাহমুদুল হাসান অপরাজিত ৩৯ রান করেন।

জবাবে শুরুতে ভালোই করছিল ব্রাদার্স। ওপেনার মিজানুর ৪২ ও তিন নম্বরে নামা ফজলে রাব্বি ৭৪ রান করেন। কিন্তু দ্রুত কিছু উইকেট হারিয়ে তারা টানটান অবস্থায় গিয়ে তবে ম্যাচ জেতে।

সংক্ষিপ্ত স্কোর:

আবাহনী-শেখ জামাল

আবাহনী লিমিটেড: ৫০ ওভারে ২১১/৯ (মোসাদ্দেক ১০১*, মিঠুন ৩৩, আল মামুন ২৬, মাশরাফি ২০; নাসির ৩/২৪, ইলিয়াস সানি ২/৪২)।

শেখ জামাল ধানমন্ডি ক্লাব:৪৮.৫ ওভারে ২১৫/৭ (অনুষ্টুপ ৫৬, নাসির ৪৫, তানভির ৩৮*, ইমতিয়াজ ৩০; সৌম্য ২/২৯, সাইফউদ্দিন ২/৩৯, সানজামুল ২/৪১)।

ফল:শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৩ উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: নাসির হোসেন

প্রাইম দোলেশ্বর-ব্রাদার্স ইউনিয়ন

প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব:৫০ ওভারে ২৫০/৫ (তাইবুর ৭০*, মার্শাল ৫০, ফরহাদ হোসেন ৪০, মাহমুদুল ৩৯*, ইমরান ২১; বিশ্বনাথ ২/৪৫)।

ব্রাদার্স ইউনিয়ন:৪৯.৫ ওভারে ২৫১/৯ (ফজলে রাব্বি ৭৪, মিজানুর ৪২, শরিফুল্লা ৪১, শাহাজাদা ২৯; আরাফাত সানি ৪/৬২, এনাম জুনিয়র ৩/৪৬)।

ফল: ব্রাদার্স ইউনিয়ন ১ উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: ফজলে মাহমুদ রাব্বি।