উইজডেন অ্যালম্যানাক বর্ষসেরা
স্পোর্টস রিপোর্টার
টানা তৃতীয়বারের মতো উইজডেন অ্যালম্যানাকের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ২০১৮ সালের জন্য কোহলি ছাড়াও উইজডেনের বর্ষসেরা খেতাব পেয়েছেন ট্যামি বিউমন্ট, জস বাটলার, স্যাম কুরান ও ররি বার্নস। অন্যদিকে ভারতের স্মৃতি মান্দানা বর্ষসেরা নারী ক্রিকেটার হয়েছেন এবং আফগানিস্তানের রশীদ খান বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হয়েছেন।
কোহলি এই নিয়ে টানা তৃতীয়বার উইজডেনের বর্ষসেরা ক্রিকেটারের তালিকায় এলেন। ২০১৮ সালে তিন ফরম্যাট মিলিয়ে ভারতীয় অধিনায়ক ২৭৩৫ রান করেছেন। উইজডেন সাধারণত ইংল্যান্ডে পারফরম্যান্সকে বেশি গুরুত্ব দেয়। আর কোহলির এই বছরে সেরা সময়টা কেটেছে ইংল্যান্ডেই। তিনি ৫৯.৩ গড়ে ইংল্যান্ডে পাঁচ টেস্টে ৫৯৩ রান করেছেন। ওই সিরিজে দুটো সেঞ্চুরি করেছিলেন। কোহলি এই পুরস্কার টানা তৃতীয়বার জিতে স্যার ড্যন ব্র্যাডম্যানদের ছোঁয়ার দিকে এগোলেন। তিনবারের বেশি উইজডেনের বর্ষসেরা হওয়ার নজির আছে কেবল স্যার ডন ব্র্যাডম্যান (১০ বার) ও জ্যাক হবসের (আটবার)।
মেয়েদের বর্ষসেরা ক্রিকেটারের খেতাব জেতা মান্দানা ২০১৮ সালে ওয়ানডেতে ৬৬৯ এবং টি-টোয়েন্টিতে ৬৬২ রান করেছেন। এ ছাড়াও নারী সুপার লিগে তিনি ছিলেন অবিশ্বাস্য ফর্মে। সেখানে ১৭৪.৬৮ স্ট্রাইকরেটে ৪২১ রান করেছেন তিনি।
রশীদ খান এই বছরের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হয়েছেন। এই আফগান স্পিনার ২০১৮ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৮.৬৮ গড়ে ২২ উইকেট শিকার করেছেন। গত আইপিএলে তিনি শিকার করেছিলেন ২১ উইকেট।
উইজডেনের বর্ষসেরা তালিকায় কোহলি ছাড়াও আছেন ইংলিশ নারী ক্রিকেটার বিউমন্ট, ইংলিশ অলরাউন্ডার স্যাম কুরান, জস বাটলার এবং বার্নস।
ইংল্যান্ড নারী দলের ওপেনার বিউমন্ট এই বছরে ওয়ানডেতে ৪৫২ এবং টি-টোয়েন্টিতে ৪৩০ রান করেন। এ ছাড়া নারী সুপার লিগে সাউদার্ন ভাইপার্সের হয়ে ১৯৮ রান করেছেন তিনি।
সারের ওপেনার বার্নস ২০১৮ সালে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ৬৪.৭১ গড়ে ১৩৫৯ রান করেন। গত কাউন্টি মৌসুমে তিনি চারটি সেঞ্চুরি করেছেন। সেই সাথে ১৬ বছর পর সারেকে চ্যাম্পিয়নশিপ জেতানোয় বড় ভূমিকা রাখেন বার্নস। এর পরপর শ্রীলঙ্কা ও ওয়েস্টইন্ডিজে সফরের জন্য টেস্ট দলে ডাক পেয়েছিলেন তিনি; খেলে ফেলেছেন ছয় টেস্ট।
ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যান জস বাটলারের জন্য এটা ছিলো অসাধারণ একটা বছর। এই ২০১৮ সালে তিনি ৪৪.৭০ গড়ে ৭৬০ রান করেন। এই বছরই ট্রেন্ট ব্রিজে তিনি ভারতের বিপক্ষে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি পেয়েছেন। এই বছর ওয়ানডে ক্রিকেটেও খুব ভালো পারফরম করা বাটলার সীমিত ওভারের ক্রিকেটে ৫০-এর ওপরে গড়ে রান করেছেন।
টম কুরানের ছোট ভাই স্যাম কুরান এই বছরে অলরাউন্ডার হিসেবে ভারতের বিপক্ষে অভিষেকেই নিজেকে দারুণ চিনিয়েছেন। ভারতের বিপক্ষে ওই সিরিজে ২৭২ রান করেছেন এবং ১১ উইকেট শিকার করেছেন। ফলে ওই সিরিজের সেরা খেলোয়াড় হয়েছিলেন তিনি।
উইজডেনের সেরা পাঁচ ক্রিকেটার বিচারের প্রধান বিষয় থাকে—ইংলিশ মৌসুমে অবদান রাখা। উইজডেন ১৮৮৯ সাল থেকে এই ক্রিকেটারদের তালিকা করে আসছে।
