ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু তালহাকে বাঁচাতে আকুতি জানিয়েছেন বাবা নজরুল ইসলাম। ৬ বছর বয়সী আবু তালহা ঘাটাইল উপজেলার ধলাপাড়া একাডেমি নামে একটি কিন্ডারগার্টেনের নার্সারির ছাত্র। অর্থাভাবে নিষ্পাপ ও ফুটফুটে এ শিশুটির জীবন বাতি যেন ধীরে ধীরে নিভে যাচ্ছে। ২/৩ মাস আগে বিদ্যালয়ের অন্য সব শিক্ষার্থীর মতোই তাকে দেখা যেত সদা চঞ্চল ও হাস্যোজ্জ্বল।
দিন যতই ঘনিয়ে আসছে হাস্যোজ্জ্বল তালহার মুখের হাসি যেন ক্রমেই মিলিয়ে যাচ্ছে। ছোট্ট এই শিশুটির শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ব্লাড ক্যান্সার! বর্তমানে তালহা ঢাকা শিশু হাসপাতালে ১১নং ওয়ার্ডে ৭নং বেডে ডা. তৌহিদের অধীনে চিকিত্সাধীন। মৃত্যুর পথযাত্রী এই শিশুর বাবা নজরুল ইসলাম ননএমপিওভুক্ত একটি কলেজের বাংলা বিভাগের প্রভাষক।
চিকিত্সকরা জানিয়েছেন, তালহার চিকিত্সার জন্য প্রায় ১০ লাখ টাকার প্রয়োজন। ছেলের চিকিত্সার এতো টাকা দরিদ্র এ পিতার পক্ষে সংগ্রহ সম্ভব নয়। তাই ছেলের জীবন বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে সহায়তা চেয়েছেন বাবা নজরুল।
সাহায্য পাঠানোর ঠিকানা- ০১৭১৬-৬৫০৬৪৩ বিকাশ (ব্যক্তিগত), ব্যাংক একাউন্ট নাম্বার-০৬১৫১০২১০৪২১১৯ জনতা ব্যাংক লিমিটেড, ধলাপাড়া শাখা, ঘাটাইল, টাঙ্গাইল।
ইত্তেফাক/নূহু
