মহিলা কাবাডি শুরু

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ২১:৫৪

স্পোর্টস রিপোর্টার

ধানমিন্ডস্থ সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত আন্তঃজেলা মহিলা কাবাডি গতকাল নিজেদের মাঠে শুরু হয়েছে। বয়স ভিত্তিক অনূর্ধ্ব-১৫ কাবাডিতে এবার ১৯ জেলা থেকে ২২৮ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। উদ্বোধনী দিনে নড়াইল জেলা ফরিদপুরকে, রাঙামাটি জেলা  ময়মনসিংহকে হারায়। রংপুর জেলা ২৭-২১ পয়েন্টে গোপালগঞ্জ জেলাকে পরাজিত করে। একমাত্র এই খেলাটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। জামালপুর জেলা কুমিল্লা জেলার বিপক্ষে ওয়াক ওভার পায়। টুর্নামেন্টের উদ্বোধন করেন পুলিশের ডিআইজি (প্রশাসন) ও কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক (ক্রীড়া) সৈয়দা তাসলিমা আক্তার।

উপস্থিত ছিলেন মহিলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভানেত্রী আঞ্জুমান আরা আকসির, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফিরোজা করিম নেলী।