বিশ্বকাপে পরিবারকে পাশে পাবেন ক্রিকেটাররা

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ২১:৫৪

স্পোর্টস রিপোর্টার

নিশ্চিতভাবেই এবার শেষ বিশ্বকাপ খেলতে যাবেন মাশরাফি বিন মুর্তজা। বিশ্ব মঞ্চে নিজের শেষ টুর্নামেন্টে পরিবারকে সঙ্গে রাখতে চান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। সেইভাবে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা করছেন মাশরাফি। বিশ্বকাপে নিজের সঙ্গে স্ত্রী, ছেলেমেয়ে, ছোট ভাই, এমনকি সঙ্গে বাবা-মাকেও নিয়ে যাবেন তিনি। মাশরাফি ছাড়াও দলের অনেক ক্রিকেটারই সঙ্গে পরিবারের সদস্য নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন।

কারণ বিশ্বকাপ, ত্রিদেশীয় সিরিজ মিলে সফরটা ৭০ দিনেরও বেশি। আর ক্রিকেটারদের এই পরিকল্পনায় বাঁধ সাধছে না বিসিবিও। বিশ্বকাপে পরিবারের সদস্যদের সঙ্গে রাখতে পারবেন ক্রিকেটাররা।

গতকাল মিরপুর স্টেডিয়ামে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান এই সম্পর্কে বলেছেন, ‘পরিবার নিয়ে যাওয়ার অনুমতি সবসময় আছে। যদিও আমাদের সময়ে পরিবারকে সঙ্গে রাখার অনুমতি দেওয়া হতো না। কারণ টিম ম্যানেজমেন্ট খুব সিরিয়াস থাকতো। আপনি দেখবেন আমরা গত বিশ্বকাপেও পরিবারকে সঙ্গে রাখার অনুমতি দিয়েছি। এটাতে কোনো সমস্যা নেই।’

সর্বশেষ ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও মাশরাফি-মাহমুদউল্লাহদের সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরা।