পুনর্বার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হইতে মৃত্যুর ঘটনা ঘটিয়াছে। শনিবার নারায়ণগঞ্জের ফতুল্লায় এলপি গ্যাস সিলিন্ডার হইতে আগুন ধরিয়া গেলে মা ও তিন সন্তান দগ্ধ হয়। পরের দিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মা ও ছেলে মৃত্যুবরণ করে। বাকি দুই সন্তানের অবস্থাও সংকটাপন্ন। জানা যায়, রান্না করিবার জন্য মা ম্যাচের কাঠি জ্বালাইবার সঙ্গে সঙ্গে সিলিন্ডারের লিকেজ হইতে ছড়াইয়া পড়া গ্যাসের কারণে পুরা ঘরে আগুন ধরিয়া যায়। আজকাল নূতন গ্যাস সংযোগ বন্ধ রহিয়াছে, তাই এলপি গ্যাসের ব্যবহার বৃদ্ধি পাইয়াছে। কিন্তু গ্যাস সিলিন্ডার হইতে দুর্ঘটনার সংবাদও বৃদ্ধি পাইতেছে। গাড়ির সিলিন্ডার হইতে বিস্ফোরণের খবরও আমরা প্রায়শই পাইয়া থাকি। গাড়ির সিলিন্ডার বিস্ফোরণের পাশাপাশি রান্নার সিলিন্ডারের বিস্ফোরণের ঘটনা পাল্লা দিয়া বৃদ্ধি পাইতেছে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ লইয়া প্রচুর আলোচনা হইয়াছে, ইহার কারণ নির্ণীত হইয়াছে, কিন্তু কারণগুলি দূর হইতেছে না। মাঝে মাঝেই বিস্ফোরণের সংবাদ পাওয়া যাইতেছে এবং মৃত্যু এড়ানো যাইতেছে না।
এক একটি গ্যাস সিলিন্ডার যেন এক একটি সম্ভাব্য বোমা, ইহার খোঁজখবর ঠিকমতো না লইলে তাহা বিস্ফোরিত হইতে পারে যেকোনো মুহূর্তে। নিয়মিত পরিচর্যার অভাবেই বিস্ফোরণের ঘটনাগুলি ঘটিয়া থাকে। আধুনিক সভ্যতা অনেকখানি যন্ত্রনির্ভর, কিন্তু যন্ত্রের অনেক যন্ত্রণা থাকে। সেই যন্ত্রণা যেন প্রাণঘাতী না হইয়া পড়ে, তাহার জন্য যন্ত্রের নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা ও পরিচর্যা প্রয়োজন। বিপুল সংখ্যক যানবাহনের একটা বড় অংশই রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস (সিএনজি) ব্যবহার করিয়া থাকে। কিন্তু অনেক গাড়িরই গ্যাস সিলিন্ডার মেয়াদোত্তীর্ণ হইবার পরও ব্যবহূত হইতেছে। রন্ধনকার্যে ব্যবহূত সিলিন্ডারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। নিয়মিত পরিচর্যা বা নিরীক্ষা না হইবার কারণে প্রায়ই গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হইবার সংবাদ পাওয়া যাইতেছে। নিয়ম অনুযায়ী প্রতি পাঁচ বছর অন্তর গ্যাস সিলিন্ডার পরীক্ষা করিবার কথা। বিস্ফোরক অধিদফতরে এই পরীক্ষার রিপোর্ট জমা দিবার কথা। কিন্তু মাত্র ১০ হইতে ১৫ হাজার গাড়ি নিয়মিত পরীক্ষার রিপোর্ট জমা দিয়া থাকে। বাকিদের বিষয়ে বিস্ফোরক অধিদফতরের নিকট তথ্য থাকে না। অন্যদিকে দেশে মাত্র ১৩/১৪টি রিটেস্ট সেন্টার রহিয়াছে। ফলে সিলিন্ডার পরীক্ষা করিবার বিষয়টিও সহজলভ্য নহে।
এই বিস্ফোরণোন্মুখ পরিস্থিতি হইতে পরিত্রাণ পাইবার ক্ষেত্রে দুই পর্যায়ে কাজ করা যাইতে পারে; আইনগত ও সচেতনতামূলক। আইন করিয়া যদি বিআরটিএ-এর ফিটনেস লইবার সময় সিলিন্ডার রিটেস্ট করানো বাধ্যতামূলক করা যায়, তাহা হইলে এই ধরনের ঝুঁকি কমিবে। কিন্তু রিটেস্ট করিবার সেন্টারের অপ্রতুলতা রহিয়াছে। তাই আইন করিবার পূর্বে জরুরি ভিত্তিতে এই সেন্টার বৃদ্ধি করিবার উদ্যোগ লইতে হইবে। পাশাপাশি যানবাহনের মালিকরা যাহাতে অধিক সচেতন হইয়া উঠেন, সেইজন্য প্রয়োজনীয় প্রচার কর্মসূচি গ্রহণ করিতে হইবে। ঝুঁকিপূর্ণ কিংবা মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের সিলিন্ডার কেবল নিজের, পরিবারের কিংবা পরিপার্শ্বের কারো জন্যই নিরাপদ নহে। জনবহুল দেশে এই ধরনের বিস্ফোরণের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণও বেশি হইয়া থাকে। বিষয়টিকে হেলা করিবার কোনো অবকাশ নাই। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস আমাদের সম্পদ, সেই সম্পদ কাজে লাগাইয়া আমরা অর্থের সাশ্রয় করিতেছি। কিন্তু ইহার সম্ভাব্য ক্ষতির দিকটিকে আমাদের অবশ্যই বিবেচনায় লইতে হইবে। সম্পদকে কাজে লাগাইবার ইহাই পূর্বশর্ত।
