বারকিনা ফাসো ও আইভরি কোস্ট দিয়ে আগামীকাল সপ্তাহব্যাপী আফ্রিকা মহাদেশ সফর শুরু করছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। আফ্রিকায় প্রথম সফরকালে তিনি ব্যবসায়িক বিষয় নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। সেই সঙ্গে আফ্রিকান তরুণ ও যুব সমাজের নিকট ইউরোপের ভালো দিকগুলো নিয়ে প্রচারণা চালাবেন, যাতে করে ইউরোপ সম্পর্কে তারা প্রভাবিত হন।
ফ্রান্সের সাবেক কলোনি দু’টি দেশ ছাড়াও ম্যাক্রন ঘানা সফর করবেন। এমন একটি সময় তিনি আফ্রিকা যাচ্ছেন যখন আফ্রিকার বিভিন্ন দেশ থেকে লিবিয়া হয়ে বিপুল পরিমাণ মানুষ ইউরোপে পাড়ি জমাচ্ছে। ট্রানজিট দেশ হিসাবে লিবিয়াতে আফ্রিকানরা বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়ে থাকে বলে সিএনএন এর খবরে বলা হয়েছে।
জানা গেছে, আফ্রিকান পাঁচটি দেশ নিয়ে সন্ত্রাস বিরোধী ‘আফ্রিকান পাঁচ জাতি জোট’ গঠনের জন্য আন্তর্জাতিক সহযোগিতা কামনা করবেন তিনি। তার উপদেষ্টাগণ বলেন, সফরকালে ম্যাক্রন ব্যবসা ও শিক্ষা বিষয়ে আফ্রিকান দেশগুলোর সঙ্গে সমতার ভিত্তিতে অংশীদারিত্ব গড়ে তোলার ওপর জোর দেবেন। ফ্রান্সের ৩৯ বছর বয়সী এই প্রেসিডেন্ট আফ্রিকান বংশোদ্ভূত একদল তরুণ ব্যবসায়ীকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন, যারা আফ্রিকার সঙ্গে ইউরোপের বিশেষ করে ফ্রান্সের জন্য ভালো ভাবমূর্তি গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে। এএফপি।
ইত্তেফাক/সেতু
