সিরাজগঞ্জের এনায়েতপুর হাটে মেহের-উন-নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের নিজস্ব জায়গায় অবৈধভাবে গড়ে উঠা মার্কেট উচ্ছেদ করা হয়েছে। সোমবার সকালে সিরাজগঞ্জ জেলা যুগ্ন জজ-২ আদালতের নির্দেশে কোর্টের একটি টিম পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তা উচ্ছেদ করে।
জানা যায়, ২০০৩/৪ সালের দিকে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী এনায়েতপুর কাপড়ের হাট সম্প্রসারণ করা হলে সেখানে এলাকার ব্যবসায়ীরা সংস্কার কমিটির কাছ থেকে জায়গা বরাদ্দ নিয়ে দোকান স্থাপন করে। থানার রুপনাই এলাকার শামচুল হাজী, মজনু হাজী, হায়দার হাজী ও চাঁন মিয়া হাজী একইভাবে জায়গা বরাদ্দ নিয়ে দোকান ঘর তৈরী করে দীর্ঘ দিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছে। এই জায়গা গুলোই নারী বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান এনায়েতপুর মেহের-উন-নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৬ শতাংশ জায়গা বিদ্যামান থাকায়, তাদের উচ্ছেদের জন্য গত ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর স্কুলের প্রধান শিক্ষক আলহাজ্ব মাওঃ আব্দুল আওয়াল বাদী হয়ে সিরাজগঞ্জ যুগ্ন জেলা জজ আদালত-২ এ মামলা দায়ের করে। এ নিয়ে দীর্ঘ শুনানী শেষে আদালত এবছরের ২৩ মার্চ অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য রায় দেয়। পরে আদালতের নাজির ইসমাইল হোসেনের নেতৃত্বে একটি টিম সোমবার সকালে অভিযান চালিয়ে ৭টি দোকান উচ্ছেদ করে মুল জায়গা স্কুল কর্তৃপক্ষকে বুঝিয়ে দেয়।
এ ব্যাপারে মামলার বাদী মেহের উন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওঃ আব্দুল আওয়াল জানান, আমরা অনেক দিন দখলদারদের বললেও তারা শোনেনি। তাই আদালতে স্মরণাপন্ন হয়ে রায় পেয়ে আজকে তাদের নির্দেশে জায়গা বুঝে পেলাম।
ইত্তেফাক/এএম।
