ঝিনাইদহের মহেশপুর উপজেলার দত্তনগর ফাঁড়ি পুলিশের বিরুদ্ধে অস্ত্র ঠেকিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ১৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে। এ ঘটনায় ফাঁড়ি ইনচার্জ এসআই মাহফুজসহ ২ কনেস্টেবলকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
জানা গেছে ২৬ নভেম্বর সকাল ১০টার সময় চুয়াডাঙ্গা পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা তাহাজ্জেল আলীর পুত্র ওয়াজির আলী গাড়ি কেনার উদ্দেশ্যে জীবননগর আসছিল। সন্তোষপুর নামক স্থানে দত্তনগর ফাঁড়ির এ.এস.আই নুরুন্নবী এবং কনস্টেবল সোহেল রানা ও হোসেন আলী ওয়াজিরকে বাস থেকে নামিয়ে ফাঁড়িতে নিয়ে যায়। তারপর তাকে এক কোয়ার্টারে আটকে তার কাছে থাকা ১৬ লাখ টাকা ছিনিয়ে নেয়।
ঘটনাটি জানাজানি হলে পুলিশ সুপারের নির্দেশে মহেশপুর থানার অফিসার ইনচার্জ আহম্মেদ কমির ঘটনা তদন্ত করেন। ঘটনার সত্যতা পাওয়া গেলে ফাঁড়ি ইনচার্জ এস আই মাহফুজুর, কনেস্টেবল সোহেল রানা ও হোসেন আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।
এ ব্যাপারে মহেশপুর থানার অফিসার ইনচার্জ আহম্মেদ কবির জানান, আমি পুলিশ সুপারের নির্দেশে ২৭ নভেম্বর সকালে দত্তনগর ফাঁড়ি পরিদর্শন করি এবং ঘটনার সত্যতা পাই। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানালে ফাড়ির ইনচার্জ ও ২ কনেস্টেবলকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।
ইত্তেফাক/নূহু
