রায়পুরে ব্যাংক এজেন্টকে কুপিয়ে জখম করেছে যুবলীগ নেতা

আপডেট : ২৭ নভেম্বর ২০১৭, ২২:৩১

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ডাচবাংলা ব্যাংকের এক এজেন্টকে কুপিয়ে জখম করেছে ইউনিয়ন যুবলীগ নেতা। সোমবার সন্ধ্যায় উপজেলার রাখালিয়া বাজারে এ ঘটনা ঘটিয়েছেন লক্ষ্মীপুর সদর উপজেলার দালালবাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. বাদশা।

আহত এজেন্ট মো. ওসমানকে (২৬) স্থানীয় লোকজন উদ্ধার করে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি সদর উপজেলার মহাদেবপুর গ্রামের আশ্রাফ আলী বাবুলের ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন মো. ওসমান জানান, দালালবাজার ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. বাদশার সাথে একটি মোবাইল সিম কার্ড কেনা নিয়ে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ওই নেতা ক্ষিপ্ত হয়ে সন্ধ্যায় লোকজন নিয়ে তার দোকানে হামলা করে। এ সময় দোকানের আসবাবপত্র ভাংচুর করে। এতে প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়। এসময় তিনি বাধা দিলে তাঁকেও কুপিয়ে জখম করে।

ঘটনার পর থেকে মো. বাদশা পলাতক রয়েছে। যোগাযোগের চেষ্টা করে তার বক্তব্য জানা যায়নি।

রায়পুর থানার ভারপ্রাপ্ত (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান। যুবলীগ নেতাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

ইত্তেফাক/নূহু