রোহিঙ্গা সংকট নিয়ে সমালোচনার মধ্যে শিগগিরই চীন সফরে যাচ্ছেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি। সম্প্রতি দেশটির সেনাপ্রধান চীন সফর করেন। চীনের সরকার এই তথ্য নিশ্চিত না করলেও মিয়ানমারের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট গতকাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং সুয়াং বলেন, ‘আগামী ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি অব চায়না বিশ্বের রাজনৈতিক নেতাদের নিয়ে এক আলোচনার আয়োজন করেছে। এতে রাজনৈতিক নেতাদের দায়িত্ববোধ নিয়ে আলোচনা হবে। আলোচনায় বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। তবে কারা থাকবেন সেই বিষয়ে আমার কোনো ধারণা নেই’।
আশা করা হচ্ছে, ১২০টি দেশের ২০০টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেবেন। গত সপ্তাহে চীন সফর করেন মিয়ানমারের সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লেইং। তিনি চীনা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ইন্ডিয়ান এক্সপ্রেস।
ইত্তেফাক/সেতু
