ইনজুরির কারণে প্রায় বছরখানেক সাইডলাইনে থাকার পরে অবশেষে টটেনহ্যাম হটস্পারের হয়ে মাঠে ফিরছেন আর্জেন্টাইন উইঙ্গার এরিক লামেলা। ম্যানেজার মরিসিও পোচেত্তিনো এই ইঙ্গিত দিয়েছেন। ২০১৩ সালের আগস্টে রোমা থেকে ৩০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে টটেনহ্যামে যোগ দেয়া লামেলা সর্বশেষ গত বছর অক্টোবরে মাঠে নেমেছিলেন। কিন্তু গুরুতর ইনজুরির কারণে তিনি মাঠ থেকে ছিটকে পড়েন।
পুরোপুরি সুস্থ হয়ে উঠতে তাকে অস্ত্রোপচারও প্রয়োজন হয়েছে। গত মাসের প্রথম দিকে তিনি অনুশীলনে ফিরেছেন। ধারণা করা হচ্ছে মঙ্গলবার লিস্টার সিটির বিপক্ষে প্রিমিয়ার লিগের এ্যাওয়ে ম্যাচে তিনি মাঠে নামবেন। উত্তর লন্ডনে স্পারসদের ট্রেনিং সেন্টারে এক সংবাদ সম্মেলনে পোচেত্তিনো বলেছেন, ‘এটা খুবই সুসংবাদ। আজকের অনুশীলনের পরে সে সুস্থ অনুভব করছে। আশা করছি দীর্ঘদিন পরে সে মাঠে নামতে পারবে।’
২৫ বছর বয়সী এই উইঙ্গারের সুস্থতা নিয়ে টটেনহ্যাম কোন ধরনের দ্বিধা রাখেনি। এমনকি জানুয়ারিতে সাবেক ক্লাব রোমাতে গিয়ে কিছুদিনের চিকিৎসাও নিয়েছেন লামেলা। এছাড়া গত ডিসেম্বরে আর্জেন্টিনাও গিয়েছিলেন। দীর্ঘ সময় লামেলা অনুপস্থিত থাকলেও কখনই আশাহত হননি পোচেত্তিনো। এ ব্যপারে কোন ধরনের সন্দেহ তার মধ্যে হয়নি বলেই জানা গেছে।
ইত্তেফাক/কেআই
