দেশে পানিতে ডুবে বছরে মারা যায় দশ হাজারেরও বেশি শিশু

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ২২:২৪

দেশে প্রতি বছর পানিতে ডুবে ১০ হাজারেরও বেশি শিশু মারা যায়, যাদের বেশিরভাগের বয়স পাঁচ বছরের কম। এক পরিসংখ্যানে বলা হয়েছে, প্রতিদিন অন্তত ৩০টি শিশু পানিতে ডুবে মারা যায়। পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে কাজ করছে ‘আঁচল’।

গবেষণায় দেখা যায়, গ্রামে সকাল ৯টা থেকে একটা পর্যন্ত সময়ে অধিকাংশ শিশু পানিতে ডুবে মারা যায়। এই সময় বাবা নিজের কাজে, মা ঘরের কাজে এবং বড় ভাইবোন স্কুলে থাকে বলে তাদের উপর সেভাবে নজর দেওয়া যায় না। সে সময়টায় পানিতে ডুবে যাওয়ার ঘটনা ঘটে বেশি। এ সময়ের জন্য ‘আঁচল’ দিবাযত্ন কেন্দ্র একজন ‘আঁচল মা’ তাদের দেখে রাখছে। দেশের ১০টি উপজেলায় ৩ হাজার ‘আঁচল’ দিবাযত্ন কেন্দ্র আছে। ৭০ হাজারেরও বেশি শিশু এই সমাজভিত্তিক শিশু যত্ন কেন্দ্রের আওতায় রয়েছে।

গতকাল বুধবার নগরীর একটি পাঁচ তারকা হোটেলে এক আন্তর্জাতিক সভায় এমন সব তথ্য প্রকাশ করা হয়। ব্লুমবার্গ ফিলানথ্রপিস এ সভার আয়োজন করে। ব্লুমবার্গ ফিলানথ্রপিস ২০১২ সাল থেকে বাংলাদেশ পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধের লক্ষ্যে জন হপকিন্স ইন্টারন্যাশনাল ইনজুরি রিসার্চ ইউনিট, সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ (সিআইপিআরবি) এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআর,বি) এর সঙ্গে অংশীদারিভিত্তিতে কাজ করছে। বিশ্বস্বাস্থ্য সংস্থা, উগান্ডার ম্যাকেরেরে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষক, ভিয়েতনাম সরকারের শ্রম, প্রতিবন্ধী ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের মতো জাতীয় ও আন্তর্জাতিক কয়েকটি সংগঠনও আছে এ কার্যক্রমের সঙ্গে।

বাংলাদেশে পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে ব্লুমবার্গ ফিলানথ্রপিস-এর পরিচালক কেলি লারসনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনস হপকিনস ইন্টারন্যাশনাল ইনজুরি রিসার্জ ইনস্টিটিউটের পরিচালক ডা. আব্দুল গাফর এম বাচানি, ভিয়েতনামের শ্রম মন্ত্রণালয়ের শিশু বিভাগের সহকারী পরিচালক ডা. ভিউ কিম হুয়া, সাইনারগসএর প্রকল্প প্রধান এশা হুসেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. ডেভিড মেডিংস, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআর,বি) এর ডিরেক্টর ডা. আমিনুর রহমান।

বক্তারা বলেন, এসব শিশুযত্ন কেন্দ্র স্থাপন এবং এর মাধ্যমে শিশুদের দুর্ঘটনাজনিত মৃত্যুঝুঁকি রোধে বাংলাদেশে যে অগ্রগতি অর্জিত হয়েছে, তা বিশ্বজুড়ে পানিতে ডুবে শিশুমৃত্যুর বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে স্বীকৃত। ৫ বছরের কম বয়সী শিশুরা থাকে আঁচলে আর দশ বছরের বেশি বয়সের শিশুদের সাঁতার শেখান হয়। এযাবত ৫ লাখ শিশুকে সাঁতার শেখান হয়।  বিশ্বজুড়ে প্রতিবছর কমপক্ষে ৩ লাখ ২২ হাজার মানুষ পানিতে ডুবে মারা যায়, যার ৯০ শতাংশেরও বেশি নিম্ন ও মধ্য-আয়ের দেশগুলোতে। পানিতে ডুবে মৃত্যুর ৪০ শতাংশের বয়স ১৫ বছরের কম, যার মধ্যে ৫ বছরের কম বয়সী শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে। তবে ২০২০ সালের জুন মাস নাগাদ শেষ হয়ে যাবে এ পরিকল্পনা। তাই উদ্যোক্তারা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন পরিকল্পনা চালিয়ে নিতে।