নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার কৃষকদের আবেদনের প্রেক্ষিতে চলতি আমন মৌসুমে সরকারী ভর্তূকি মূল্যে বরাদ্ধ ২৫টি ধান কাটার রিপার দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকাল ৫ ঘটিকায় প্রথম দফায় ৮টি যন্ত্র বিতরণ করা হয়। ভর্তূকি মূল্যের এই যন্ত্রগুলি কৃষকদের মাঝে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ইউএনও মোঃ মেহেদী মাহমুদ আকন্দ।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, হাওর এলাকায় ধানকাটা শ্রমিকের অভাবে কৃষকরা ধান আবাদ করে ধান কাটার সময় সীমাহীন দুর্ভোগ পোহায়। কৃষিকে লাভজনক করার একমাত্র পথ কৃষি-খামার যান্ত্রিকীকরণ। এজন্য কৃষকদের মাঝে রিপার যন্ত্রটি জনপ্রিয় করতে সরকার এ ভর্তূকি কার্যক্রম শুরু করেছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কোম্পানী গুলো ব্যাপক ভূমিকা রাখছে।
হাওর অঞ্চলে ধান কাটার মৌসুমে একদিকে শ্রমিক সংকট আর অন্যদিকে আগাম বন্যার আতংকে কৃষকরা যখন দিশেহারা হয় তখন এ যন্ত্রগুলো হবে কৃষকদের ভরসা।
বিতরণকালে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মফিজুল ইসলাম নাফিজসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ দুলা মিঞা জানান, খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ধান কাটার রিপার যন্ত্র হাওর এলাকায় শতকরা সত্তরভাগ এবং উচুঁ এলাকায় পঞ্চাশ ভাগ ভর্তুকি মূল্যে বিতরণ করা হচ্ছে।
ইত্তেফাক/নূহু
