বরিশালে দুগ্ধ খামার কর্মচারীর হত্যাকারীদের বিচার দাবি

আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ২১:৪৯

বরিশাল অফিস

বরিশাল সরকারি দুগ্ধ খামারের কর্মচারী ও নগরীর ২৩নং ওয়ার্ড বাসিন্দা দুলাল সিকদারের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে নিহতের পরিবার ও এলাকাবাসী। শনিবার নগরীর সদররোডে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। সমাজতান্ত্রিক দল (বাসদ) সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, নিহত দুলাল সিকদারের স্ত্রী রহিমা বেগম, কন্যা দোলা আক্তার, এলাকাবাসীর পক্ষে জুনায়েদসহ অনেকে এতে অংশ নেয়।

উল্লেখ্য, এক মাস আগে জমি সংক্রান্ত বিরোধে দুলাল সিকদার বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন আদালতে মামলা করেন। মামলা তুলে না নেয়ার কারণে সন্ত্রাসীরা গত বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর ২৩নং ওয়ার্ড দড়গাহ্ বাড়ি এলাকায় দুলাল সিকদারকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় পুলিশ দুলালকে উদ্ধার করে শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে দুলালের স্ত্রী বাদী হয়ে ২২ জনকে আসামি করে মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা করেন।