সামরিক বাহিনী পরিচালিত উন্নয়নকাজের বিষয়ে স্থানীয় এমপিদের অবহিত করার সুপারিশ

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ২২:৩১

ইত্তেফাক রিপোর্ট

যেসব অঞ্চলে সামরিক বাহিনী কর্তৃক বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিচালিত হয়—সে বিষয়ে স্থানীয় সংসদ সদস্যকে অবহিত করার জন্য সুপারিশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একাদশ সংসদের এই কমিটির গতকাল বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত প্রথম বৈঠকে এই সুপারিশ করা হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

বৈঠকে বরিশালে শেখ হাসিনা সেনানিবাস স্থাপনের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য তাগিদ দেওয়া হয়। এছাড়া সারা দেশে মহিলা ক্যাডেট কলেজের সংখ্যা বৃদ্ধি, লালমনিরহাটে একটি এয়ারপোর্ট ও শাহীন স্কুল স্থাপনের সুপারিশ করেছে কমিটি। আগামী বৈঠকে কমিটি পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা ও মিয়ানমার-বাংলাদেশের চলমান সম্পর্ক নিয়ে আলোচনা করবে বলে সিদ্ধান্ত হয়েছে। কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ, মুহাম্মদ ফারুক খান, মোতাহার হোসেন, নাজমুল হাসান, নাসির উদ্দিন, মহিবুর রহমান ও নাহিদ ইজাহার খান অংশ নেন। বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ সেনা, নৌ ও বিমান বাহিনী, মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।